নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে সরকার: আসিফ মাহমুদ

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৫:৩৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৬:৩৪:২৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন। সম্পদ বিবরণীও জমা দিয়েছেন তিনি।

পদত্যাগ প্রশ্নে সরকারে থাকা এই ছাত্র উপদেষ্টা বলেন, আমার পদত্যাগের ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবো, তা এখনই জানাতে চাই না। নির্বাচন করবো এটা নিশ্চিত। তবে কোন দল থেকে করবো, পরে জানানো হবে।

এছাড়া নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমার বলার এখতিয়ার নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।

তিনি আরও জানান, দু’একদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা ঠিক নয় বলে তিনি পূর্বেও মত প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আইনগত বাধ্যবাধকতা না থাকলেও আমি নিজেও মনে করি উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। আমি সিস্টেমের মধ্যে আছি, সেভাবেই চলতে হবে।

তবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না— এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :