পাঁচ দাবিতে ইডেনের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:২১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:৩৩:০৬ অপরাহ্ন
স্বতন্ত্রতা রক্ষার দাবিতে রাজধানীর ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে আজিমপুর থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে ছাত্রীরা রাস্তায় নেমে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন বলে লালবাগ থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।

শিক্ষার্থীরা ছাড়াও এই কলেজের শিক্ষকরাও ব্যানার নিয়ে কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়েছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল ও হাইব্রিড পদ্ধতি বাতিল করে ইডেনসহ ঢাকার সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বহাল রাখাসহ আরো কিছু দাবি জানিয়েছেন তারা।

ওসি মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে তারা ইডেনের সামনের সড়কে অবস্থান নিয়েছে। তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইডেনকে নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা এবং কলেজকে একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করাসহ মোট ৫ দফা দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো–

১. ইডেনকে শুধু নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।
৩. বিশ্ববিদ্যালয়ের সময় দুপুর ১টা থেকে ৭টা নয়, বরং ২৪ ঘণ্টা বহাল রাখা।
৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা।
৫. যোগ্যতা থাকা সত্ত্বেও ইডেনকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ওই সড়ক থেকে অল্প সময়ের জন্য সরে গেলেও ফের তারা অবস্থান নেন বলে জানিয়েছেন ওসি মোস্তফা কামাল। তাদের অবস্থানের কারণে ঢাকার ব্যস্ত ওই সড়কে যানজট তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ঢাকার সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে। তবে এ নিয়ে কলেজগুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসেবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :