​খালেদা জিয়াকে নিয়ে তামিমের পোস্ট

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১২:৩৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১২:৩৯:২১ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে তার দ্রুত আরোগ্য কামনা করেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও প্রত্যাশা করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সব শঙ্কা দূর করে আবার হাসিমুখে ফিরবেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।সেখানে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, জীবনের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই নেত্রী এবারও সব শঙ্কা দূর করে হাসিমুখে ফিরবেন। তামিম লেখেন,'বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।'

বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সর্বশেষ মেডিকেল বোর্ড বসেছিল। এদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও চিকিৎসার সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। ড. ইউনূসের এমন সৌজন্য ও মানবিক অনুভূতি প্রকাশের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :