বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়লেন নেসকোর দুই কর্মী

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০২:৩৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০২:৩৮:৩৩ অপরাহ্ন
‎রাজশাহীতে বৈদ্যুতিক পোলে ট্রান্সমিশন লাইনের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল থেকে ছিটকে পড়েন নেসকোর (Nesco) দুই কর্মচারী। এতে গুরুতর আহত হয়েছেন তারা। বুধবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী কোর্ট এলাকায় কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

‎স্থানীয়রা বলছেন, সকালে নেসকোর একটি দল ওই এলাকায় বৈদ্যুতিক জোড়া খুঁটির উপরে ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুতের প্রবাহ চালু থাকায় এক কর্মচারী তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান এবং অপর একজন খুঁটির উপরে ঝুলে থাকেন। পরে উপস্থিত সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমে যায় এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

‎এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ও জনসংযোগ কর্মকর্তা ডা. শঙ্কর কে. বিশ্বাস জানান, আহত দুই কর্মচারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

‎এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, ঘটনাটি আমরা জানার পরপরই হাসপাতালে গিয়ে আহতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন গুরুত্বর আহত হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। এমন অনাকাঙ্খিত ঘটনা কেন ঘটল, তার জন্য একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :