​সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনও আপিলে বহাল

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৩:৪৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৩:৪৫:৪০ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন আপিল বিভাগ। তবে সে আদেশ পুনরায় রিকল করে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সাংবাদিক পান্নার জামিন আপিলে বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

নিজেদের আগের আদেশ প্রত্যাহার করে সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ জামিন বহালের নতুন আদেশ দেন।

আদালতে মঞ্জুরুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও রমজান আলী শিকদার এবং আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন একই আদালত। তখন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন ওই আদালত। হাইকোর্টের আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছিল।

আদালতে আজ লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত সপ্তাহে এই দুজনই হাইকোর্টের জামিন পান। 

গত ২৮ আগস্ট আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান ও সাংবাদিক মনজুরুল আলমসহ কয়েকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। 

অনুষ্ঠানের এক পর্যায়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। একপর্যায়ে তাঁরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন।

পরে পুলিশের (ডিএমপি) একটি দল এলে তাঁরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মনজুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরদিন তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​লতিফ সিদ্দিকীর জামিন বহাল

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :