​বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:১৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:১৮:০১ অপরাহ্ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে আবেদনগ্রহণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। তিন সপ্তাহের বেশি সময় ধরে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় এবার প্রাথমিক বাছাই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল গণমাধ্যমকে বলেন, এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

অধ্যাপক আব্দুল জলিল বলেন, ১৬ নভেম্বর থেকে আমরা আবেদন নেওয়া শুরু করব। এটা তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলতে পারে। আবেদনের সময়সীমা নির্ধারণ করে শিগগিরই পত্রিকা ও ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন নেওয়ার পর ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এবার বাছাই পরীক্ষা থাকছে না জানিয়ে তিনি বলেন, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ কেবল লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তত থাকছে।

এবার ফলাফল নিম্নমুখী। সে ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ কমানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আব্দুল জলিল বলেন, ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী, তারা জিপিএ ৫ পেয়েছে। আমাদের আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া লাগবেই। পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ ৫ পেতে হবে, যেটি আগেও ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :