​এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১১:২৫:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৫:০৭:৪৩ অপরাহ্ন
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা সাত দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীরা কালো পতাকা মিছিল করবে। তারা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ত্যাগ করবেন না।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান এখন অনশনে রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের সঙ্গে সংহতি জানিয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করা পর্যন্ত শহীদ মিনার ছাড়ব না।

তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং প্রজ্ঞাপন বিলম্বের কারণে ক্ষোভ জানিয়ে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে তারা অনশন শুরু করেছেন। শনিবার দুপুরে কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের ‘অবহেলার প্রতিবাদ’ জানানো হবে।

রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটার পর সোমবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।

সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধি, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা। এ দাবিগুলো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :