​শাপলার বিষয়ে ছাড় নয়: এনসিপি

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৬:৪০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:০৩:৫০ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শাপলা প্রতীকের বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা তিনটি প্রতীক চেয়েছি— শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা— যাতে একটি প্রতীক আমাদের দেওয়া হয়। আমরা নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছি। আশা করি শাপলা প্রতীকসহ আমাদের নিবন্ধন পাওয়া যাবে।

এ সময় তিনি উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনৈতিক মানচিত্রে বৈধ ও সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতীকের বিষয়ে কোনো আপস করবে না।

প্রতীক নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, এনসিপির আলাদা নাম থাকবে এবং এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম বা মার্কা ডিজলভ হয়ে যাবে। এনসিপির ব্যানারে অনেকগুলো দল আসছে। ইনশাল্লাহ, বিগ টাইম একটি দল হিসেবে আত্মপ্রকাশ করবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে এবং সব আসনে জয়লাভের জন্য কাজ করবে।

তিনি বলেন, আমরা বলেছিলাম ৩০০ আসনের জন্যই লড়বো। তবে বাস্তবতা অনুযায়ী ১৫০ আসন আমরা জয়ের মতো পরিস্থিতিতে আছি। তবে বিএনপি বা জামায়াত কতটি আসন পাবে, তা জনগণ নির্ধারণ করবে। তিনি বলেন, আমরা একবার বলেছিলাম বিএনপির ৫০-১০০ আসন যাবে না। এখন বাস্তবতা আরও খারাপ।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি ১৫০ আসন নিশ্চিত করতে পারি, আর বাকিদের সাথে সমন্বয় হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ হতে পারি। নারীদের সংরক্ষিত আসন ও উচ্চকক্ষের হিসাবও যুক্ত হবে।

নির্বাচন নিয়ে অযথা বিলম্বের মূল দায় বিএনপি ও জামায়াতের বলে উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি ও জামায়াত এখনো জুলাই সনদের আইনি প্রক্রিয়ায় আসছে না। এটাই নির্বাচন বিলম্বের মূল কারণ। আমি বলব, জনগণের কাছে মাফ চেয়ে হলেও আপনারা এইসব ভণ্ডামি বাদ দিন। জনগণের দিকে তাকিয়ে দ্রুত নির্বাচনে অংশ নিন এবং আইনি প্রক্রিয়ায় আসুন। দ্রব্যমূল্য, জনজীবনের দুর্ভোগ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান— সবকিছু এখন সংকটপূর্ণ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :