​ইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৫:০১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৫:০৩:৫৩ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্য নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে ইইউর আট সদস্যের নির্বাচনি তথ্য অনুসন্ধানী দলের বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বিকেল ৩টা থেকে এ বৈঠক শুরু হয়। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খানের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন ইসির চার কর্মকর্তা। 

আট সদস্যের ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি।

ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদল বিকেলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।   

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি তথ্য-অনুসন্ধানী দল মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তথ্য-অনুসন্ধানী দলের সুপারিশের ভিত্তিতে নির্বাচনের সময়ে সংস্থাটি বাংলাদেশে সম্ভাব্য পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়টি বিবেচনা করবে।

গত বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর ইসি কার্যালয়ে আসবেন। তারা একজন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ইসি সচিবালয়ের কর্মকর্তা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠক হবে। এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ইসি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের বৈঠক দেশের নির্বাচনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :