​কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৮:০২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৮:০২:৪৪ অপরাহ্ন
দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম। বর্তমানে পাইকারি মোকামে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত শুক্র ও শনিবার ছিল ১৭০ থেকে ১৮০ টাকা।ব্যবসায়ীরা বলছেন, বন্দরে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম।

সোমবার (২৫ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়। 

হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই দীর্ঘসময় ত্রিপল দিয়ে বেঁধে রাখার কারণে অনেক কাঁচামরিচ পঁচে নষ্ট হচ্ছে। এর কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী।

হিলির কাঁচাবাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজিপ্রতি ৫০ টাকা কমে খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়াতে কাস্টমসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :