ইউক্রেন যুদ্ধ থামিয়ে বেহেশতে যেতে চান ট্রাম্প

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৩:৩৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৩:৪১:০৮ অপরাহ্ন
ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তি নিশ্চিত করে বেহেশতে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ এই রাজনীতিক। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন এ খবর জানানো হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তিনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ৮ মাস পার হলেও এখনও একটা যুদ্ধবিরতিও কার্যকর করতে পারেননি।

তবে ইউক্রেন সংঘাত থামাতে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। 
 
এরপর গত সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
 
এখন পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে বসানোর জোর চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। চলমান এই কূটনৈতিক দৌড়ঝাঁপের মধ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট।

কেন ইউক্রেন যুদ্ধ থামাতে চান, এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইউক্রেন শান্তি চুক্তিকে তিনি বেহেশতে যাওয়ার রাস্তা হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চান, রুশ ও ইউক্রেনীয় সবার জীবন বাঁচাতে লড়াই বন্ধ হোক।
 
ট্রাম্পের কথায়, ‘সপ্তাহে ৭ হাজার মানুষ নিহত হচ্ছে। আমি যদি তাদেরকে বাঁচাতে পারি... সম্ভব হলে আমি বেহেশতে যাওয়ার চেষ্টা করতে চাই।’ আমি শুনছি, (অনেকে বলছেন) যে, আমি ভালো করছি না। কিন্তু আমি বেহেশতে চাই, এটি অন্যতম কারণ।’
 
৭৯ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এর জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। 
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :