এনবিআর সংস্কারে বাধা: আরও চার কর কমিশনার সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৬:০২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৬:০৮:০২ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার কার্যক্রমের বিরোধিতা করে আন্দোলন চলাকালে দাপ্তরিক কাজে বাধা দেওয়ায় কর বিভাগের আরও চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: সাধন কুমার কুন্ডু (অতিরিক্ত কমিশনার, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট), আবুল আ'লা মোহাম্মদ আমীমুল ইহসান খান (অতিরিক্ত কমিশনার, মোংলা কাস্টমস হাউজ), মো. সানোয়ারুল কবির (যুগ্ম কমিশনার, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি) এবং মোহাম্মদ সাইদুল ইসলাম (উপকমিশনার, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট)। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার গত ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি করে। এর প্রতিবাদে এনবিআর কর্মচারীদের আন্দোলনের সময় এই চার কর্মকর্তা দাপ্তরিক কাজে বাধা দেন এবং কর্মীদের কাজ ছেড়ে রাজস্ব ভবনে আসতে বাধ্য করার মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এই কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৩৯ (১) অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তারা এনবিআর-এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তাঁরা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :