​বাচ্চা চোর অপবাদ দিয়ে প্রেমিকাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০২:৫৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৪:১৯:৪৩ অপরাহ্ন
চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে গেলে প্রেমিকাকে ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে ভুক্তভোগী ওই প্রেমিকা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেন। এ ঘটনায় ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বাচ্চা চোর আখ্যা দিয়ে ওই তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করছেন একদল লোক। ওই তরুণী তখন বারবার বাঁচার আকুতি জানান। এর মধ্যে এক ব্যক্তিকে গ্যাসের সিলিন্ডার দিয়ে ওই তরুণীকে আঘাত করতে দেখা যায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার বিকেল সাড়ে পাঁচটার। এক বছর আগে আজিজুল হক নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। দুই মাস আগে ওই যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হালিশহর লোহার পুল এলাকায় বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেছিলেন। দুই সপ্তাহ আগে আজিজুল উধাও হয়ে যান। বন্ধ করে দেন যোগাযোগও।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, খোঁজ নিয়ে বুধবার বিকেলে আজিজুলের বাড়িতে গেলে তিনি ওই তরুণীকে চেনেন না বলে মারধর শুরু করেন। এতে আজিজুলের পরিবারের লোকজনও যোগ দেন এবং ওই তরুণীর সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ, সোনার গয়না কেড়ে নিয়ে মুখে টেপ লাগিয়ে দেন। এরপর তাকে বাচ্চা চোর বলে চিৎকার করতে থাকেন। লোকজন জড়ো হয়ে একটি রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করা হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত আজিজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে। ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :