​শহীদ নাফিজ হত্যাকাণ্ডে এডিসি তয়াছির জড়িত নন : পুলিশ

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:০৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:১০:৪৩ অপরাহ্ন
জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ নাফিজের পিতার অভিযোগের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এ নিয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। 

ওই পোস্টে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নাফিজ হত্যাকাণ্ডে তৎকালীন এডিসি ট্রাফিক, তেজগাঁও বিভাগ, ডিএমপি মোহাম্মদ তয়াছির জাহান বাবু পিপিএম (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার, ১৪ এপিবিএন, কক্সবাজার) এর সংশ্লিষ্টতার অভিযোগ সম্প্রতি উত্থাপিত হয়েছে। প্রাথমিক তদন্তে ওই হত্যাকাণ্ডে এডিসি তয়াছিরের সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

এতে আরো জানানো হয়, শহীদ গোলাম নাফিজ যে স্থানে গুলিবিদ্ধ হন সেখানে এডিসি তয়াছির উপস্থিত ছিলেন না। ওই সময়ে তিনি নিরস্ত্র অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ অভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীতে গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাফিজ আহত হওয়ার পর একজন রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান। রিকশায় তোলার পরও কিছু সময় তিনি বেঁচে ছিলেন। রিকশায় করে তাকে নিয়ে যাওয়ার ছবিটি ভাইরাল হলে ওই সময় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :