ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম আরও কমতে পারে বলে শঙ্কিত চাষিরা

ধান চাষে খরচ বাড়ছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০১:২০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০১:২০:৫৬ অপরাহ্ন
ধান চাষে খরচ বাড়ছে ছবি : সংগৃহীত
আয়নাল খাঁ-সাহেরা বেগম দম্পতির বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রামে। কৃষক পরিবারের এই সদস্যরা ইতোমধ্যে জমিতে উৎপাদিন ১৫ মণ চিকন ধান বিক্রি করেছেন ১৭ হাজার ২৫০ টাকায়। সে হিসাবে প্রতি মণের দর পড়েছে এক হাজার ১৫০ টাকা। পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তারা। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ২৪ মণ। আয়নাল খাঁ জানালেন, বাজারে পুরোদমে ধান উঠা শুরু করলে মণপ্রতি ধানের দাম আরও কমে আসবে। তখন খরচও উঠবে না। এবার তাদের উৎপাদনে খরচ গেছে অনেক বেশি।

জেলার অধিকাংশ এলাকার চাষির সঙ্গে আলাপ করে তাদের কথার সত্যতা মেলে। তারা বলছেন, গত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমের শুরুতেই আমন ধানের দাম পড়ে গেছে। গত বছরের তুলনায় মোটা ধানের দর মণপ্রতি ১৫০ টাকা ও চিকন ধানের দাম মণপ্রতি ৪৫০ টাকার মতো কমেছে। বাজারে পুরোদমে ধান ওঠা শুরু করলে এই দর আরও কমতে পারে বলে শঙ্কিত চাষিরা। ব্যবসায়ীরাও ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ সালের তুলনায় ২০২৫ ও ২০২৬ আমন মৌসুমে দাম বেশি ব্যবধানে কমছে বলে স্বীকার করেন। তবে তারা দরপতনের জন্য ধানের গুণগত মান ভালো না থাকা ও এলসির মাধ্যমে চাল আমদানিকে দায়ী করছেন।

স্থানীয় বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতি মণ মোটা ধান বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়, আর চিকন ধানের দর এক হাজার ১৫০ টাকা মন। অথচ ২০২৫ সালে মৌসুমের শুরুতে মোটা ধানের দর ছিল এক হাজার ২০০ টাকা, চিকন ধানের দর ছিল এক হাজার ৬০০ টাকা। আর গতবার ভরা মৌসুমে মোটা ধান এক হাজার ১০০ টাকা ও চিকন ধান এক হাজার ২৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

২০২৪ সালে আমন মৌসুমের শুরুতে মোটা ধান বিক্রি হয় এক হাজার ৩৫০ টাকা দরে। চিকন ধানের দর ছিল এক হাজার ৫৫০ থেকে এক হাজার ৬০০ টাকা। মৌসুমের শেষের দিকে চিকন ধানের দাম গড়ে ২০০ টাকা বাড়লেও মোটা ধানের দাম একই ছিল। ২০২৩ সালের শুরুতে মোটা ধান এক হাজার ৬০ টাকায়, চিকন ধান এক হাজার ৩৭০ টাকা দরে আর ভরা মৌসুমে মোটা ধান এক হাজার ২০ টাকা ও চিকন ধান প্রতি মণ এক হাজার ৩১০ টাকা দরে বিক্রি হয়। ২০২২ সালে মৌসুমের শুরুতে মোটা ধান এক হাজার ৩০ টাকায় ও চিকন ধান এক হাজার ২৬০ টাকায় বিক্রি হয়। ভরা মৌসুমে মোটা ধান এক হাজার ১০ টাকা ও চিকন এক হাজার ২১০ টাকা দরে বিক্রি হয়েছে। ২০২১ সালে শুরুতে মোটা ধান এক হাজার ২০ টাকায়, চিকন ধান এক হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। তবে ভরা মৌসুমে মোটা ধানের দাম ৯৭০ টাকায় ও চিকন ধানের দর এক হাজার ১৬০ টাকায় নেমে আসে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহে এক লাখ চার হাজার ৫০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি। চাল উৎপাদনের লক্ষমাত্রা তিন লাখ ৭৬ হাজার ৬৭৬ টন। গত মৌসুমে আবাদ হয়েছিল এক লাখ চার ৫০০ হেক্টর জমিতে। সেবার চাল উৎপাদন হয়েছিল তিন লাখ ৭৬ হাজার ৬৭৭ টন।

কৃষকরা বলছেন, চলতি মৌসুমে এক বিঘা (৪০ শতক) জমিতে ধান চাষে গড়ে ১৮-২০ হাজার টাকা খরচ হয়েছে। এলাকাভেদে বিঘায় ধান হচ্ছে ২০-২৫ মণ। এবার কারেন্ট ও মাজরা পোকার সংক্রমণের প্রবণতা বেশি থাকায় চার-পাঁচ দফায় কীটনাশক ছিটাতে হয়েছে। তার ওপর ধান কাটা, আঁটি বাঁধা ও বাড়িতে আনা বাবদ বিঘাপ্রতি শ্রমিক খরচ হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা। আগের মৌসুমে এই খরচ ছিল পাঁচ হাজার টাকা। সব মিলিয়ে এবার উৎপাদন খরচ গড়ে ১৫-২০ ভাগ বেড়েছে।

ঝিনাইদহ সদরের মাটিকুমড়া গ্রামের কৃষক মিন্টু মিয়া বলেন, ধানের ফলন ভালো, কিন্তু বাজারে দাম নেই। সামনে দাম আরও কমে যাবে। তখন আর লাভ থাকবে না।

জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা বলছেন, গত বছর মৌসুমের শুরুতে বৃষ্টি হয়েছিল। ফলে বাজারে আসা ধান যেমন ভেজা ছিল, তেমনি অনেক দাগ ও রং বদলে যায়। উৎপাদিত চালের মান ছিল খারাপ। আবার শুরুতেই ব্যাংকিং ঋণপত্রের (এলসি) মাধ্যমে দেশে বিপুল পরিমাণ চাল আমদানি করা হয়। ফলে স্থানীয় মিলের চাল বিক্রিতে লোকসান হচ্ছিল। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালের আগস্ট মাসে প্রথম ধাপে খাদ্য মন্ত্রণালয় ঝিনাইদহের একজনসহ দেশের ২৪২ আমদানিকারকের অনুকূলে চার লাখ ৬১ হাজার টন সিদ্ধ ও ৩৯ টন আতপ চাল আমদানির অনুমতি দেয়। সেই বছর আরও দুটি ধাপে চাল আমদানি করা হয়। এই তিন ধাপেই ঝিনাইদহের কালীগঞ্জের মেসার্স পাটোয়ারী ট্রেডার্স তিন হাজার ৩৭৫ টন সিদ্ধ চাল আমদানি করে। 

মেসার্স পাটোয়ারী ট্রেডার্সের স্বত্বাধিকারী ওবায়দুল্লাহ পাটওয়ারী বলেন, ‘এলসির মোটা চাল আমরা প্রতি কেজি গড়ে ৪৫ টাকা আর চিকন (নাজিরশাইল) চাল ৬৫ টাকা দরে বিক্রি করি। আর খুচরা বাজারে এসব চাল গড়ে পাঁচ-সাত টাকা বেশি দরে বিক্রি হয়।’

ঝিনাইদহ সদরের বিষয়খালীর মিঞা অটো রাইস মিলের ব্যবস্থাপক শাওন খানের ভাষ্য, গত বছরের মতো এবারও বৃষ্টিতে ধানের মান নষ্ট হয়েছে। ফলে চাল ভালো হচ্ছে না। সামনে এলসির মাধ্যমে যদি চাল আসে, তাহলে ধানের দাম আরও কমে যাবে। যদি এবার এলসি না হয় তাহলে দাম ভালো থাকবে।

ঝিনাইদহ জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, বাজারে যখন পর্যাপ্ত ধান আসবে তখন সরবরাহ বেশি হলে চাহিদা কমে যায়। তবে সরকারিভাবে এবং মিলাররা পুরোদমে ধান কেনা শুরু করলে দাম স্থিতিশীল থাকতে পারে, আবার বাড়তে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, উৎপাদন খরচ কমাতে কৃষকদের যন্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বাজারে ন্যায্যমূল্য পেতে তাঁর পরামর্শ, শুরুতেই ধান একবারে বিক্রি না করে সংরক্ষণ করে বাজারে দর বৃদ্ধির সময় পর্যায়ক্রমে যেন কৃষক বিক্রি করেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ