ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:৫৭:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:৫৭:১৪ পূর্বাহ্ন
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ফাইল ছবি
মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ অর্জন করেন সাত বীর। তাঁদেরই একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।

তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের সাহস ও আত্মত্যাগের এক চিরস্মরণীয় প্রতীক। আজ ২৯ অক্টোবর তাঁর ৮৫তম জন্মবার্ষিকী। দেশের স্বাধীনতার জন্য জীবন উত্সর্গ করা এই বীরের সাহসিকতা আজও বাঙালির হূদয়ে অমলিন।

১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন মতিউর রহমান।

তাঁর বাবা মৌলবি আবদুস সামাদ এবং মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। তাঁদের পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে।

ঢাকা কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে তিনি পাকিস্তানের সারগোদায় বিমানবাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন। ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন।

১৯৬৩ সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কর্মজীবনে ধাপে ধাপে উন্নীত হন ফ্লাইট লেফটেন্যান্ট পদে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ছুটিতে দেশে এসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ভৈরব এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধেও অংশ নেন। পরে পাকিস্তানে ফিরে সেখান থেকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন।

তাঁর লক্ষ্য ছিল, পাকিস্তানের বিমান নিয়ে ভারতের সহায়তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া।

১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মশরুর বিমানঘাঁটি থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নের সময় তিনি বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিকল্পনা সফল হয়নি। এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। শহীদ হন মতিউর রহমান।

দেশের স্বাধীনতার জন্য তাঁর অসামান্য সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে। জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন, দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা একজন মানুষের কাছে কতটা গভীর ও অমূল্য হতে পারে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ