ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুললে জনস্বাস্থ্য হুমকিতে পড়বে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুললে জনস্বাস্থ্য হুমকিতে পড়বে ছবি : সংগৃহীত
অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হবে। সেই বর্জ্য সংরক্ষণ করতে দিনাজপুরের মতো কয়েকটি শহরের সমান জায়গার প্রয়োজন হবে। পাশাপাশি বিষাক্ত পানি ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ এলাকায়। এতে পরিবেশ, কৃষি, জনস্বাস্থ্য ও জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।

ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার জিএম উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী শাখার উদ্যোগে এ সভা হয়।

আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ী গণঅভ্যুত্থানের সময় জনগণের দাবি এতটাই তীব্র ছিল, সরকার চুক্তি মেনে নিতে বাধ্য হয়েছিল। সেদিন দাবি আদায়ে জনগণ সফল না হলে আজ ফুলবাড়ীর পরিবেশ ও প্রকৃতি এমন নিরাপদ থাকত না। অন্তর্বর্তী সরকারও কয়লাখনি নিয়ে আলোচনা শুরু করেছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি বাস্তবায়নের তৎপরতা দেখা যাচ্ছে। 

তিনি বলেন, ২০ বছর আগে ফুলবাড়ীর আন্দোলনের মধ্য দিয়ে যে ছয় দফা চুক্তি হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. তানজীম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ এম এম আকাশ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক গবেষক প্রকৌশলী মাহবুব সুমন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. মাহা মির্জা। সভাপতিত্ব করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সঞ্চালনা করেন সচিব জয়প্রকাশ গুপ্ত।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ