১২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ
খুলনার কৃষিতে বড় ধাক্কা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১১-২০২৬ ০৩:০৮:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৬ ০৩:০৮:৩৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে খুলনা অঞ্চলের ১২ হাজার হেক্টর জমির আমন ধান, বোরো বীজতলা, শীতকালীন সবজিসহ নানান ফসল আক্রান্ত হয়েছে। এর আগে বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায়ও এ অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। সে ক্ষত কাটিয়ে উঠতেই এবার কৃষকরা ছিলেন সক্রিয়। কিন্তু আকভানের প্রভাবে বৃষ্টিতে এবারও ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।
এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে টানা চার দিনের বৃষ্টিতে খুলনা অঞ্চলের বিভিন্ন নিম্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছিল।
খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নভেম্বরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে খুলনা অঞ্চলের সাতক্ষীরার ৫৫৬৭, নড়াইলে ১৬০১, খুলনার ৫৩১ ও বাগেরহাটের ৪৩৬ হেক্টরসহ ৮১৩৬ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়। এর মধ্যে রয়েছে সরিষা ৩৫১২, রোপা আমন ধান ৩০৮৮, শীতকালীন সবজি ৯৬১, খেসারির ডাল ২৮৫, মসুর ডাল ১১৯, বোরো বীজতলা ৪৬, মরিচ ৩৫, আলু ২৯, পেঁয়াজ ১৭, পান ১৮, রসুন ১০, গম ৫র, পেঁপে সাড়ে ৩ ও ধনিয়া ৩ হেক্টর।
খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, খুলনায় এবার সবমিলিয়ে ৯৩ হাজার ৬৪৯ হেক্টর জমিতে ধান, শীতকালীন সবজিসহ নানান ফসলের আবাদের লক্ষ্য অর্জিত হয়েছে। বর্তমানে ৮৯ হাজর ৮৮৮ হেক্টর জমির ফসল দণ্ডায়মান রয়েছে। এর মধ্যে ৫৩১.৬০ হেক্টর জমির ফসল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ১৮ নভেম্বর সকাল থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত খুলনায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, টানা বৃষ্টিতে ধান কাটায় বিঘ্ন হয়েছে, ক্ষেতে কেটে রাখা ধানেরও ক্ষতি হয়েছে। সবজি ও সরিষার ওপরও কমবেশি প্রভাব পড়েছে। তিন হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৯ হাজার ধান চাষিকে আগামী বোরো মৌসুমে প্রণোদনা দেওয়া হবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৮ উপজেলায় এক লাখ ৬১ হাজার ১২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে এক লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৬৬ হেক্টর জমি। এ ছাড়া ১৩ হাজার ৫০০ হেক্টর সরিষার মধ্যে এক হাজার ৮৯০ হেক্টর এবং ১৩ হাজার ১০ হেক্টর শাকসবজির মধ্যে ৬৯০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষ করে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাগেরহাট কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় রোপা আমন ধান আক্রান্ত হয়েছে ১৮৩ হেক্টর এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ দশমিক ৫৫ হেক্টর। বোরো ধানের বীজতলা আক্রান্ত হয়েছে ২০ হেক্টর, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতি এক দশমিক ৪ হেক্টর। এ ছাড়া সরিষা আক্রান্ত হয়েছে ৬৪ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি চার দশমিক ৬৫ হেক্টর; রবি সবজি আক্রান্ত ১০৬ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি পাঁচ দশমিক সাত হেক্টর; মরিচ আক্রান্ত আট হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি এক হেক্টর; পেঁপে আক্রান্ত তিন দশমিক পাঁচ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি শূন্য দশমিক ০০৫ হেক্টর; কলা আক্রান্ত ৩ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি শূন্য দশমিক ১৫ হেক্টর; আলু আক্রান্ত ৮ হেক্টর ও সম্পূর্ণ ক্ষতি এক দশমিক ৮৫ হেক্টর এবং খেসারি ডাল আক্রান্ত হয়েছে ৩৫ হেক্টর, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতি ২৫ দশমিক ১৮ হেক্টর। পাশাপাশি ছয় হেক্টর জমির রসুন আক্রান্ত হয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মতিয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনের অতিবৃষ্টিতে পানি জমে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়। এর মধ্যে ৫০ হেক্টর জমির রোপা আমন ধান, বোরো ধানের বীজতলা এবং রবি সবজিসহ বিভিন্ন ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জেলায় তিন হাজার ৮৯৬ জন কৃষকের মোট ১০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স