পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে ৫ যুবক সর্বস্বান্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১১-২০২৬ ০১:০১:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৬ ০১:০১:৪১ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
পর্তুগালের ভিসা পাওয়ার আশায় ভারতে গিয়ে দালালচক্রের হাতে জিম্মি হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খুইয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। দেশে ফেরার পর তাঁদের আটক করা হলেও পুলিশি যাচাইয়ে তাঁরা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ভারতের এক দালালকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীদের একজন।
পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে। ওই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এসব তথ্য জানান।
ওসি বলেন, ভারতে একটি চক্র পাঁচ যুবককে জিম্মি করে তাঁদের পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মামলায় ভারতের ওই দালালকে প্রধান আসামি করা হয়েছে। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি ভুক্তভোগীরা। তদন্তে ওই দালালের সঙ্গে বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, আটক পাঁচ যুবক ভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তাঁদের জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার আদালতে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। তদন্তের স্বার্থে আপাতত আসামিদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় পাঁচ যুবক ও তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠলেও পুলিশি যাচাইয়ে জানা যায়, পাঁচ যুবক বৈধভাবেই ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তাঁরা দালালচক্রের প্রতারণার শিকার হন।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে তাঁরা আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে একটি দালালচক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর, বীর চন্দ্রনগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাঁদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবার বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন। চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।
পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁদের আটক করেন।
আতাহার হোসেন পাপরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার সময় তাঁদের আটক করা হয়। পরে অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক পাঁচ যুবক হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮) ও কাশিনগর এলাকার কামাল উদ্দিন (২৬)। তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক বেলাল হোসেন (৩৬)। তিনি পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স