ঢাকা-খুলনা রুটে ফের চালু হচ্ছে ট্রেন, গোপালগঞ্জ এড়িয়ে চলবে বিকল্প পথে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১১-২০২৬ ০৩:১৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১১-২০২৬ ০৩:১৫:১৭ অপরাহ্ন
ফাইল ছবি
টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) থেকে আবারও ঢাকা-খুলনা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। তবে আগের পথে নয়, গোপালগঞ্জ এড়িয়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে চলবে ট্রেনটি। সেইসঙ্গে নতুন নাম দেয়া হয়েছে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’। তবে আপাতত বন্ধই থাকছে ঢাকা-বেনাপোল রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’।
গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১৯ নভেম্বর থেকে ঢাকা-খুলনা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ঢাকা-বেনাপোল রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল বন্ধ রাখা হয়। এতে খুলনা,যশোর ও বেনাপোলসহ সংশ্লিষ্ট এলাকার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ অবস্থায় খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সচল রাখতে বিকল্প পথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন রুটে ট্রেন চলাচল করবে।
বিকল্প রুটে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস ও আসনসংখ্যা আগের ‘জাহানাবাদ এক্সপ্রেসের’ মতোই থাকবে। ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা, পাকশী ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন জানান, শনিবার থেকে বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে।
এর আগে খুলনা থেকে ভোর ৬টায় ছেড়ে যশোর, নড়াইল, গোপালগঞ্জের কাশিয়ানী, ভাঙ্গা ও পদ্মা সেতু হয়ে সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাত ‘জাহানাবাদ এক্সপ্রেস’। ফিরতি পথে রাত ৮টায় ঢাকা ছেড়ে রাত পৌনে ১২টায় খুলনায় পৌঁছাত ট্রেনটি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স