খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা হত্যা, এসপি আজাদ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৪:২৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৪:২৫:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধ বা চাহিদার ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মো. শফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।’
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। সে সময় ছাত্রদল নেতা মহিউদ্দিনও তার সঙ্গে ছিলেন। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে নিয়ে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের সাজানো ঘটনায় প্রাণ হারাতে হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাওয়ার পর ওই বছরের সেপ্টেম্বরে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। দায়ের করা মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তার পাশাপাশি মোট ৬২ জনের নাম যুক্ত করা হয়। এদের মধ্যে ৪৯ জনই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী। এর বাইরে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে এই মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স