যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০১:৪৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০১:৪৭:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আল্লাহ তাআলার অসীম রহমতের অন্যতম নিদর্শন ফেরেশতারা। তাঁরা সব সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন। পাশাপাশি মুমিন বান্দাদের কল্যাণ কামনা করে দোয়া করেন। পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু আমল ও গুণের কথা উল্লেখ রয়েছে, যেগুলোর কারণে ফেরেশতারা মানুষের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।
অজু করে ঘুমালে
রাতে ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেওয়া সুন্নত। এই আমলের মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়ার সৌভাগ্য অর্জন করা যায়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে, তখন নামাজের মতো অজু করে ডান কাত হয়ে শোবে।’ (বুখারি, হাদিস : ২৪৭)
অজু অবস্থায় ঘুমানোর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ফেরেশতা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, ‘হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও। কেননা, সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল।’ (ইবনে হিব্বান, হাদিস : ১০৫১)
নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থান করলে
এক ওয়াক্ত নামাজ আদায়ের পর পরবর্তী ওয়াক্তের জন্য মসজিদে অপেক্ষা করা কিংবা নামাজ শেষে অজু অবস্থায় নামাজের স্থানে বসে থাকা অনেক সওয়াবের কাজ। এ সময় ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন।
নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে বসে নামাজের অপেক্ষা করতে থাকে এবং তার অজু ভঙ্গ না হয়, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন—হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, তার ওপর দয়া করুন।’ (বুখারি, হাদিস : ৪৪৫ ও ৬৪৭)
নামাজের প্রথম কাতারে দাঁড়ালে
একাকী নামাজ আদায়ের তুলনায় জামাতে নামাজ পড়ার সওয়াব ২৭ গুণ বেশি। জামাতে অংশ নেওয়ার পাশাপাশি প্রথম কাতারে দাঁড়ানোরও বিশেষ মর্যাদা রয়েছে। প্রথম কাতারের মুসল্লিদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং ফেরেশতারা তাঁদের জন্য দোয়া করেন।
নবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজের প্রথম কাতারের মুসল্লিদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাঁদের জন্য দোয়া করেন।’ (আবু দাউদ, হাদিস : ৬৬৪)
অন্য এক হাদিসে তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা কাতারের ডান পাশে নামাজ আদায় করেন।’ (আবু দাউদ, হাদিস : ৬৭৬)
নামাজের কাতারের ফাঁকা জায়গা পূরণ করলে
জামাতে নামাজ আদায়ের সময় কাতারে কোনো ফাঁকা স্থান থাকলে তা পূরণ করা এবং অন্য মুসল্লিদের সঙ্গে মিল রেখে কাতার সোজা করে দাঁড়ানো সুন্নত। এ আমলের জন্যও আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া লাভের কথা হাদিসে বর্ণিত হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৯৯৫)
নবীজির প্রতি দরুদ পাঠ করলে
হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা মুমিনদের নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং তাকে উত্তমরূপে সালাম পেশ করো।’ (সুরা আহজাব, আয়াত : ৫৬)
আমির ইবনে রাবিআহ (রা.) বলেন, ‘আমি নবীজিকে খুতবার মধ্যে এ কথা বলতে শুনেছি, ‘আমার ওপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ততক্ষণ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকেন। সুতরাং বান্দার ইচ্ছা, সে দরুদ বেশি পড়বে নাকি কম।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১৫৬৮৯)
অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে
রোগীর খোঁজখবর নেওয়া এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এ ধরনের মানবিক কাজের জন্যও ফেরেশতারা মুমিনের ক্ষমা প্রার্থনা করেন।
নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল, তার সঙ্গে ৭০ হাজার ফেরেশতা যান এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন; আর তার জন্য বেহেশতে একটি বাগান নির্ধারণ করা হয়। আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল, তার সঙ্গে ৭০ হাজার ফেরেশতা যান এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন; আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়।’ (তিরমিজি, হাদিস : ৯৬৯)
উপকারী জ্ঞান শিক্ষা দিলে
মানুষকে কল্যাণকর ও উপকারী জ্ঞান শেখানো অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। এ আমলের জন্য শুধু ফেরেশতারাই নন, সৃষ্টিজগতের অন্যান্য প্রাণীও দোয়া করে থাকে।
নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা মানুষকে কল্যাণকর বিষয় শেখায়। এমনকি গর্তের পিঁপড়া ও সাগরের মাছও তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে।’ (তিরমিজি, হাদিস : ২৬৮৫)
অন্যের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে
কোনো মুসলিম ভাই বা বোনের অনুপস্থিতিতে তাঁর কল্যাণ কামনা করে দোয়া করলে ফেরেশতারাও দোয়াকারীর জন্য একই ধরনের প্রার্থনা করেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলেন, ‘আমিন এবং তোমার জন্যও অনুরূপ হোক।’ (মুসলিম, হাদিস : ২৭৩২)
প্রতিদিন দান-সদকা করলে
সামর্থ্য অনুযায়ী প্রতিদিন দান-সদকা করা উত্তম আমল। দানশীল ব্যক্তির সম্পদে বরকত ও কল্যাণ কামনা করে ফেরেশতারা দোয়া করেন। অন্যদিকে কৃপণ ব্যক্তির সম্পদ ধ্বংসের জন্যও একজন ফেরেশতা প্রার্থনা করেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে, তখন দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, ‘হে আল্লাহ, দানকারীর সম্পদ আরও বাড়িয়ে দিন।’ আর দ্বিতীয়জন বলেন, ‘হে আল্লাহ! কৃপণের সম্পদ ধ্বংস করে দিন।’ (বুখারি, হাদিস : ১৪৪২)
ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা লাভের এক বিশেষ সৌভাগ্য। অজু করে ঘুমানো, নামাজের অপেক্ষায় থাকা, দরুদ পাঠ, রোগীর সেবা, উপকারী জ্ঞান বিতরণ এবং দান-সদকার মতো আমল নিয়মিত পালন করলে একজন মুমিন এই সৌভাগ্য অর্জনের চেষ্টা করতে পারেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স