ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​রংপুর মেডিকেল কলেজে ভোগান্তিতে রোগীরা

হাজার টাকায় ওয়ার্ডের ভেতরে শয্যা, মেঝেতে থাকতে ৫০০

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০১:০৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০১:০৮:০৫ অপরাহ্ন
হাজার টাকায় ওয়ার্ডের ভেতরে শয্যা, মেঝেতে থাকতে ৫০০ ​ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র দেড় হাজার শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন প্রায় চার হাজারের বেশি রোগী অবস্থান করছেন। ফলে ওয়ার্ডগুলোতে তিল ধারণের জায়গা নেই; প্রবেশপথের বারান্দা, করিডোর এমনকি শৌচাগারের কাছেও মানবেতর অবস্থায় চিকিৎসা নেওয়ার অপেক্ষায় রয়েছেন শত শত রোগী। এর মধ্যেই হাসপাতালে চিকিৎসার নামে শয্যা-বাণিজ্য, ওষুধ সরবরাহ না করা এবং নার্স ও আয়া-কর্মচারীদের নৈরাজ্যে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

সরেজমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। রংপুর বিভাগের আট জেলা থেকে প্রতিদিন হাজারো নারী-পুরুষ এখানে চিকিৎসা নিতে আসেন। বিশেষ করে সহায়-সম্বলহীন মানুষ, যাদের বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তাঁদের বড় অংশই এখানে ভর্তি হন।

ভর্তি হতে আসা রোগীদের জরুরি বিভাগ থেকে ওয়ার্ড পর্যন্ত আসতে চরম বিড়ম্বনার মুখে পড়তে হয়। অভিযোগ রয়েছে, ওয়ার্ডের ভেতরে শয্যা পেতে হাজার টাকা এবং ভেতরে মেঝেতে থাকতে ৫০০ টাকা বখরা দিতে হয়। আবার মেঝেতে বিছানা, বালিশ ও চাদর পেতে ২০০ থেকে ৩০০ টাকা দিতে হয়। হাসপাতালের একটি সিন্ডিকেট চক্র কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় এই অবৈধ বাণিজ্য চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যারা টাকা দিতে পারেন না, তাদের বাধ্য হয়ে ওয়ার্ডের প্রবেশপথের বারান্দা ও করিডোরে মানবেতরভাবে দিন কাটাতে হয়। এর ওপর চিকিৎসকদের কাছ থেকে কিছুটা সেবা মিললেও নার্স, আয়া ও কর্মচারীদের হুমকি-ধমকি এবং দুর্ব্যবহারের শিকার হতে হয়।

মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা পঞ্চগড়ের বোদা উপজেলার রহমান আলী জানান, কিডনি সমস্যা ও গলব্লাডারের ব্যথাসহ নানা জটিলতা নিয়ে তিন দিন ধরে তিনি ভর্তি আছেন। চিকিৎসকেরা এসে ব্যবস্থাপত্র দেন, কিন্তু হাসপাতাল থেকে কোনো ওষুধ সরবরাহ করা হয় না; বাইরে থেকে কিনে আনতে হয়। পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষাও বাইরে করাতে বলা হয়। এ ক্ষেত্রে হাসপাতালের আশপাশে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলোর সঙ্গে কর্মচারীদের কমিশন-বাণিজ্য চলে বলে অভিযোগ তার। রহমান আলী বলেন, ‘একটি ছাগল বিক্রি করে ১০ হাজার টাকা নিয়ে এসেছি। এই টাকা শেষ হলে বিনা চিকিৎসায় বাড়িতে চলে যেতে হবে।’

একই অভিযোগ করেন গাইবান্ধার সাঘাটার মোমেনা বেগম। তিনি বলেন, ‘ডাক্তার আসেন, কিন্তু নার্স-আয়াদের টিকিও পাওয়া যায় না। ডাকতে গেলে খারাপ ব্যবহার করেন। আমরা মূর্খ মানুষ, কখন কোন ওষুধ খেতে হবে, তা-ও বলতে আসেন না। এখানে চিকিৎসা দেওয়ার নামে চরম নৈরাজ্য আর অরাজকতা চলছে।’

শিশু ওয়ার্ডে নীলফামারীর ডিমলার রোকসানা বেগম বলেন, ‘যমজ দুই বাচ্চাসহ একটি শয্যায় তিন শিশুকে নিয়ে চিকিৎসা নিচ্ছি। দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কোনো ওষুধ সরবরাহ করা হয় না, বাইরে থেকে সবই কিনে আনতে হয়। নার্স-আয়াদের যে আচরণ, তাতে আর্থিক সঙ্গতি থাকলে বাইরে চিকিৎসা নিতাম।’ তার অভিযোগ, ‘এখানে প্রতি পদে পদে টাকা দিতে হয়। পুরো হাসপাতাল দালাল আর সিন্ডিকেট চক্রের কাছে জিম্মি। সহযোগিতা করে নার্স-আয়া ও তাদের নিযুক্ত দালাল চক্র। হাসপাতালে কারা কর্মচারী আর কারা দালাল, তা বোঝার উপায় নেই।’

ঠাকুরগাঁওয়ের রমজান আলী বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার নামে যে নৈরাজ্য ও অরাজকতা চলছে, তা দূর করতে কঠোর নজরদারি এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুল মোকাদ্দেম প্রয়োজনীয় জনবল সংকট, শয্যা সংখ্যার তিন গুণ রোগীসহ নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তবে অনিয়মগুলো তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

রোগী ও স্বজনদের দাবি, চিকিৎসার নামে নৈরাজ্য ও শয্যা-বাণিজ্যসহ সব অনিয়ম দূর করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং সহায়-সম্বলহীন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ