ইউক্রেনীয় শিশুদের স্থানান্তর নিয়ে নিষেধাজ্ঞা
সুইজারল্যান্ডের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল উত্তর কোরিয়া
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০৬:৪৯:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৬:৫৪:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইউক্রেনীয় শিশুদের রাশিয়া-অধিকৃত অঞ্চল থেকে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে একটি শিশু শিবিরের ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে পিয়ংইয়ংয়ে সুইজারল্যান্ডের নতুন খোলা কূটনৈতিক কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে দেশটি। বহিষ্কৃত কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়তে বলা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, পিয়ংইয়ংয়ে সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধান সিলভাঁ আস্তিয়েকে অবাঞ্ছিত ব্যক্তি বা ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপবিষয়ক বিভাগের মহাপরিচালক পাক হিয়ন সু তাঁকে তলব করে কার্যালয় বন্ধের নির্দেশসংবলিত একটি স্মারকলিপি দেন।
উত্তর কোরিয়ার অভিযোগ, তাদের সংস্থা ও নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে সুইজারল্যান্ড শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। দেশটির দাবি, শিশুদের সাংস্কৃতিক ও বিনোদনমূলক সুযোগ দেওয়ার অধিকারকে অস্বীকার করে সুইজারল্যান্ড তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে।
শিশু শিবির নিয়ে বিরোধের সূত্রপাত
বিরোধের কেন্দ্রে রয়েছে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসানের ‘সংডোওন আন্তর্জাতিক শিশু শিবির’। সুইজারল্যান্ড চলতি মাসে শিবিরটিকে রাশিয়ার বিরুদ্ধে দেশটির নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। সুইস কর্তৃপক্ষের অভিযোগ, রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে শিশুদের উত্তর কোরিয়ায় স্থানান্তরের কর্মসূচিতে শিবিরটির ভূমিকা রয়েছে। সেখানে শিশুদের জোরপূর্বক আত্মীকরণ, মতাদর্শিক দীক্ষা এবং সামরিকীকরণমূলক শিক্ষার মুখোমুখি করা হচ্ছে।
সুইজারল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক রাষ্ট্রীয় সচিবালয়ের (এসইসিও) নথিতে বলা হয়েছে, শিবিরটি ইউক্রেনীয় শিশুদের রাশিয়া-অধিকৃত অঞ্চল থেকে উত্তর কোরিয়ায় নেওয়ার কর্মসূচিতে অংশ নিয়েছে। সেখানে শিশুদের রাশিয়াপন্থী প্রচার ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাজ্য এবং সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নও একই শিবিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় শিবিরটির সম্পদ জব্দ এবং এর সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।
কিম জং উনের বোনের হুঁশিয়ারি
সুইস নিষেধাজ্ঞার এক দিন আগে মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সুইজারল্যান্ডের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি নিষেধাজ্ঞাকে ‘প্রকাশ্য শত্রুতামূলক পদক্ষেপ’ এবং উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেন। কিম ইয়ো জং বলেন, সুইজারল্যান্ডের সঙ্গে সম্পর্ক নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। পিয়ংইয়ংয়ে দেশটির কূটনৈতিক কার্যালয়ের অস্তিত্বের যৌক্তিকতা হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তবে শিশুদের জোরপূর্বক স্থানান্তর ও মতাদর্শিক দীক্ষা দেওয়ার পশ্চিমা অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো জবাব দেননি। বরং শিবিরটিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার বৈধ সহযোগিতার অংশ হিসেবে বর্ণনা করেছেন।
সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে ধাক্কা
উত্তর কোরিয়ার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন সুইজারল্যান্ডের সঙ্গে দেশটির কূটনৈতিক যোগাযোগ নতুন করে শুরু হয়েছিল। গত অক্টোবর মাসে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস পিয়ংইয়ং সফর করেন। সফরে তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অক্টোবরেই পিয়ংইয়ংয়ে সুইজারল্যান্ডের নতুন কূটনৈতিক কার্যালয় চালু হয়। এর আগে ১৯৯৭ সালে উত্তর কোরিয়ায় সুইজারল্যান্ডের একটি সহযোগিতা কার্যালয় চালু হয়েছিল। মূলত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করত সেটি। তবে করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালের মার্চে উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দিলে কার্যালয়টির কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
উত্তর কোরিয়ার সঙ্গে সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। পশ্চিমা দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অল্প কয়েকটি দেশের একটি, যারা পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। নতুন কার্যালয় চালুর উদ্দেশ্য ছিল সরাসরি যোগাযোগ বাড়ানো এবং মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনার পথ খোলা রাখা।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পিয়ংইয়ংয়ে কার্যালয় পুনরায় চালুর সিদ্ধান্ত এবং নিষেধাজ্ঞা নীতি দুটি আলাদা বিষয়। দেশটির ভাষ্য, মতপার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের সঙ্গে সংলাপের পথ খোলা রাখাই তাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য।
রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার জন্য উত্তর কোরিয়া হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ। বিনিময়ে মস্কো থেকে অর্থনৈতিক সহায়তা ও সামরিক প্রযুক্তি পাওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে।
এ অবস্থায় ইউক্রেনীয় শিশুদের উত্তর কোরিয়ায় নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা পিয়ংইয়ংয়ের সঙ্গে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়েছে। নতুন কার্যালয় চালুর এক মাসের মধ্যেই সেটি বন্ধের নির্দেশ এবং সুইস কূটনীতিককে বহিষ্কারের ঘটনায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তথ্য সূত্র- ফ্রান্স২৪
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স