শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০৬:৩৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৬:৩৯:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টমাস বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামে এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। এতে আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স