ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আইসিইউতে মামুনুর রশীদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:১৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:১৪:১৭ অপরাহ্ন
​আইসিইউতে মামুনুর রশীদ ​ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেল পাঁচ-ছয় দিন ধরে তিনি অসুস্থ। এরপর তাকে  নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। 

জানা গেছে, বর্তমানে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চিকিৎসকদের একটি বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং হাসপাতাল পরিবর্তনের বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল তাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই গুণী শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। 

নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে একুশে পদকে ভূষিত হন মামুনুর রশীদ। এ ছাড়া তাঁর দীর্ঘ সাংস্কৃতিক জীবনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মুনীর চৌধুরী সম্মাননা ও মাওলানা ভাসানী পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে।

বয়স বাড়লেও অভিনয় ও নাট্যচর্চা থেকে নিজেকে সরিয়ে নেননি মামুনুর রশীদ। ২০২৪ সালে নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি নিজেকে এখনো তরুণ মনে করেন। তাঁর ভাষায়, যে ক্ষেত্রে তিনি কাজ করছেন, সেখানে অবসরের কোনো সুযোগ নেই; জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান।

২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। পরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর দুই ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন। দেশে ফিরে আবার অভিনয়েও যুক্ত হয়েছিলেন এই নাট্যজন

দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাট্যচর্চা ও অভিনয়ের মধ্য দিয়ে মামুনুর রশীদ বাংলাদেশের শিল্প-সংস্কৃতিতে যে অবস্থান তৈরি করেছেন, তা তাঁকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। তাঁর অসুস্থতার খবর তাই শুধু নাট্যাঙ্গন নয়, দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।

সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও মঞ্চ, টেলিভিশন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফিরে আসবেন এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব। তাঁর সুস্থতার জন্য পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতিপ্রেমীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ