ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর হচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:০৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:০৩:৪৫ অপরাহ্ন
​ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর হচ্ছে সরকার ​ছবি: সংগৃহীত
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় অধিদপ্তরের জনবল বাড়ানো ও সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের কাজ চলছে। এর মাধ্যমে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নজরদারি: ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে। এটি দেশের পাশাপাশি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। তবে এ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। এজন্য চিকিৎসা, নার্সিং, ধাত্রীবিদ্যা ও ওষুধবিজ্ঞানের পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালের নকশা ও অবকাঠামো নির্মাণে বর্জ্য ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইলেকট্রনিক স্বাস্থ্য নথি ও ডিজিটাল ব্যবস্থাপত্র চালু হলে কেন্দ্রীয়ভাবে চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিরীক্ষা সহজ হবে। এতে তাঁদের জবাবদিহিও নিশ্চিত করা সম্ভব হবে।

মানুষের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ ও পরিবেশের সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, খামার পর্যায়ে চিকিৎসকের পরামর্শ ছাড়াই পশুপাখিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।

হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইইডিসিআরের চলমান অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নজরদারি কার্যক্রমকে সাময়িক প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বাস্থ্য ব্যবস্থার স্থায়ী কাঠামো হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

সাধারণ ফ্লু বা ভাইরাসজনিত জ্বরে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই—এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তাঁর মতে, অ্যান্টিবায়োটিকের অকার্যকর হয়ে পড়া ঠেকাতে ওষুধের যথেচ্ছ ব্যবহার বন্ধের পাশাপাশি চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম পামী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ