মানিকগঞ্জে ৩ ঘণ্টায় ২ কোটি টাকার সবজি বেচাকেনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০৩:৩৮:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৩:৩৮:০২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা। চারদিকে অন্ধকার, কিন্তু মানিকগঞ্জের জাগীর পাইকারি সবজির আড়তে শুরু হয়ে গেছে কর্মব্যস্ততা। একের পর এক ট্রাক ও পিকআপে আসছে বিভিন্ন জেলার নানা ধরনের সবজি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, দরদাম আর পণ্য ওঠানো-নামানোর ব্যস্ততায় জমে উঠছে বাজার। রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় এখানে প্রায় ২ কোটি টাকার সবজি বেচাকেনা হয়। দিন শেষে সেই লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকা।
জেলার অন্যতম বৃহৎ এ পাইকারি বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার সবজি কেনাবেচা হলেও স্থানীয় কৃষকদের সরাসরি উপস্থিতি তুলনামূলক কম। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী ও সরবরাহকারীদের উপস্থিতিই বেশি।
জানা যায়, জাগীরের এ পাইকারি আড়তে প্রতিদিন রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে মূল বেচাকেনা। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও পিকআপে করে আসে নানা ধরনের মৌসুমি ও দেশি সবজি। পাইকারি ব্যবসায়ীরা এসব সবজি কিনে জেলার বিভিন্ন খুচরা বাজারসহ আশপাশের এলাকায় সরবরাহ করেন।
সকালের প্রধান বেচাকেনা শেষ হওয়ার পরও বাজারের কার্যক্রম চলে দিনভর। এ সময় স্থানীয় কৃষকেরা নিজেদের জমিতে উৎপাদিত সবজি নিয়ে আড়তে আসেন। সেখানে পাইকারি ব্যবসায়ীদের কাছে সরাসরি সবজি বিক্রি করেন তারা। তবে প্রতিদিন বিপুল পরিমাণ সবজি কেনাবেচা হলেও স্থানীয় কৃষকদের তুলনায় বাইরের জেলা থেকে আসা ব্যবসায়ী ও সরবরাহকারীদের উপস্থিতি বেশি।
পাইকারি সবজির এ আড়ত ঘিরে গড়ে উঠেছে পরিবহন, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসাসহ নানা ধরনের কর্মসংস্থান। প্রতিদিন ভোর থেকে শত শত মানুষের ব্যস্ততায় মুখর হয়ে ওঠে বাজার এলাকা। জেলার সবজি সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছে এ আড়ত।
কৃষক ও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে এসব সবজি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। জাগীর আড়ত থেকে সবজি সরবরাহ করা হচ্ছে ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায়। তবে প্রতিটি ধাপে পরিবহন, শ্রমিক ও অন্যান্য খরচের সঙ্গে যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের মুনাফা। ফলে কৃষকের বিক্রিমূল্য ও ভোক্তার কেনামূল্যের মধ্যে তৈরি হচ্ছে ব্যবধান।
এদিকে সবজির দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দরদামের প্রতিযোগিতা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছু সবজির দাম বেড়েছে, আবার কিছু সবজির দাম কমেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ আড়তে সবজির বেচাকেনা সবচেয়ে বেশি হয়। প্রতিদিন প্রায় ১-৩ কোটি টাকার সবজি কেনাবেচা হয় এখানে।
বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫-৩৫ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ১৫-২০ টাকা, ঢেঁড়স ২৫-৩০ টাকা, শসা ২০-২৫ টাকা এবং টমেটো ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মিষ্টি লাউ ২৫-৩০ টাকা, ধনেপাতা ৬০-৭০ টাকা, লাউ ২০-৩০ টাকা, বেগুন ৪০-৪৫ টাকা, পটল ৩৫-৪০ টাকা, গাজর ৫০-৬০ টাকা এবং মূলা ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে দেশি শিমের দাম প্রতি কেজি ১০০-১১০ টাকা। মানিকগঞ্জের বাইরের শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। নতুন আলু ৭০-৮০ টাকা এবং পুরোনো আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ১০০-১১০ টাকা ও আদা ৯০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত সাত দিনের ব্যবধানে পাইকারি বাজারে বেশ কিছু সবজির দামে পরিবর্তন এসেছে। কাঁচা মরিচ, ফুলকপি ও বাঁধাকপির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে মানিকগঞ্জের বাইরের শিমের দাম কেজিতে ১৫-২০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা হয়েছে। দেশি শিমের দাম দাঁড়িয়েছে ১০০-১১০ টাকা। বেগুনের দাম ১৫-২০ টাকা থেকে বেড়ে ৪০-৪৫ টাকা এবং নতুন আলুর দাম হয়েছে ৭০-৮০ টাকা। মূলার দামও ১০ থেকে ১৫ টাকা থেকে বেড়ে ২০-২৫ টাকা হয়েছে।
এ ছাড়া টমেটোর দাম ৯০ টাকা থেকে বেড়ে ১০০-১১০ টাকা হয়েছে। শসার দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। ধনেপাতার দাম কেজিতে ১০ টাকা কমে ৬০-৭০ টাকা হয়েছে। পটলের দাম ১৮-২০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা এবং পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। গাজরের দাম ৫০-৬০ টাকায় স্থিতিশীল রয়েছে। তবে আদার দাম ১৩০ টাকা থেকে কমে ৯০-১১০ টাকা এবং রসুনের দাম ৭০-৮০ টাকা থেকে বেড়ে ১০০-১১০ টাকা হয়েছে। লাউয়ের দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।
জাগীর আড়তে কাঁচামালের বিক্রেতা আলিফ হোসেন জানান, আমাগো এখানে ভোর ৩টা থেইকাই বেচাকেনা শুরু হয়। দেশের বিভিন্ন জায়গা থেইকা সবজি আসে। কিছু সবজির দাম কমছে, আবার কিছু সবজির দাম বাড়ছে। সব মিলাইয়া প্রতিদিন ভালোই বেচাকেনা হয়।
ফুলকপি চাষি কুদ্দুস মিয়া বলেন, এইটা অনেক বড় বাজার। অনেক ট্যাকা বেচাকিনি হয় এই বাজারে। আমরা নিজের জমির সবজি নিয়া আড়তে আসি। সরাসরি বিক্রি করতে পারলে কিছুটা লাভ থাকে। কিন্তু সার, কীটনাশক, শ্রমিক আর পরিবহন খরচ দিয়া এইবার লস। কৃষকরা যদি ভালো দাম পাইত, তাইলে আরও ভালো হইতো।
খুচরা বিক্রেতা খোরশেদ আলম জানান, এই বাজারে প্রায় সব ধরনের সবজি পাওয়া যায়। তবে দাম প্রতিদিনই একটু কমবেশি হয়। পাইকারিতে দাম কম থাকলেও খুচরা বাজারে যাইতে যাইতে অনেক খরচ আছে, এজন্য দাম অনেক বেড়ে যায়। এইটা অনেক বড় বাজার তো তাই প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। আজকে আমি প্রায় ৬০ হাজার টাকার মালামাল কিনলাম।
জাগীর পাইকারি কাঁচা ও পাকা মালের আড়তের সভাপতি সাখাওয়াত হোসেন মাধু বলেন, বর্তমানে বাজারে চুয়াডাঙ্গা থেকে শিম ও ফুলকপি আসছে। পাশাপাশি স্থানীয়ভাবেও কিছু শিম, মূলা, বেগুন ও মিষ্টিকুমড়া উৎপাদন শুরু হয়েছে। আর নতুন আলু ঠাকুরগাঁও থেকে আসছে, যা ঢাকার মাধ্যমে মানিকগঞ্জে আসবে। আবহাওয়া ও মৌসুমি পার্থক্যের কারণে সব ফসল সব এলাকায় একসাথে হয় না, যেমন পাবনায় বারো মাস মূলা পাওয়া গেলেও মানিকগঞ্জে তা হয় না, এবং চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ৩ মাস আগেই শিম আসে। এছাড়া পাবনার চর বিল থেকে গাজর আসতে শুরু করেছে, যদিও চায়নার গাজরও বাজারে রয়েছে।
তিনি আরও বলেন, এই বাজারে প্রতিদিন রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় লেনদেন হয়। এই সময়ে প্রায় ২ কোটি টাকা লেনদেন হয়। সারাদিন শেষে প্রায় ৩ কোটি টাকার বেচাকেনা হয় এই বাজারে। আড়ত ও বাজারে কোনো উচ্ছৃঙ্খলতা নেই; সুন্দর ও সুষ্ঠুভাবেই বেচাকেনা চলছে এবং কোনো অনিয়ম বা উচ্ছৃঙ্খলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স