ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:৩৪:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:৩৪:৩২ অপরাহ্ন
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ফাইল ছবি
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনের তুলনায় এসব দেশে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে একটি বিশেষ তদন্তের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার বিকেলে বা বাংলাদেশ সময় বুধবার রাতে এই তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেনে এসব তথ্য উঠে এসেছে। যদি নতুন এই শুল্ক কার্যকর হয়, তবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরো বাড়তে পারে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অর্থাৎ চাহিদা বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন।

এরই পরিপ্রেক্ষিতে এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই তালিকায় বাংলাদেশেরও নাম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপ করা শুল্কের সঙ্গে নতুন এই শুল্কও যুক্ত হবে।

যদিও এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে দেন। সেগুলোর আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক আরোপ করা হতে পারে।
এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে দাম বেড়েছে ভোগ্যপণ্যের। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

শুল্কের হার যেভাবে নির্ধারিত হতে পারে

নতুন করে কী হারে শুল্ক আরোপ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হবে। তবে এর মধ্যেও মেক্সিকো এবং নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদারদের বেশিরভাগের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এই তদন্ত শুরু করে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে, তা মেনে চলতে পারে হোয়াইট হাউস। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।

চীনের পণ্যের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলেই এটি কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হয়ে গেলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য নির্ধারিত শুল্কের হার আরও বাড়তে পারে।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য আলাদা আলাদা শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।

আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।

তবে মাজেরাসের মতে, ট্রাম্প প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। সে ক্ষেত্রে শর্ত থাকতে পারে, সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্কের হার বাড়ানো হবে।

যেসব দেশের বিরুদ্ধে তদন্ত

অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও রয়েছে এই তালিকায়। 

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। রয়টার্স বলছে, গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি। এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহাল করতে চায় প্রশাসন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করেছিলেন।

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বড় দায়ী হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, চীন অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি, সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে সরবরাহ করে বাজার সয়লাব করে দিচ্ছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও এই তদন্তের অন্যতম লক্ষ্য। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে কারখানা স্থাপন করে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য তৈরি করছে চীনা প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন।

আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও রয়েছে। 

এদিকে চীনের সব আমদানি পণ্যের ওপর ইতোমধ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আর মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ