দক্ষিণ আফ্রিকায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০২:৪৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৩:২৪:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের বিমান যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতার উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।
এসময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স