ইউপি নির্বাচন
৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০১:০০:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০১:০০:০৫ অপরাহ্ন
ফাইল ছবি
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার জানান, তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। ২৯ নভেম্বর প্রথম দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৯টি দলের সঙ্গে সংলাপ হবে। বাকি দলগুলোর সঙ্গে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর মতবিনিময় করবে ইসি।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এদিকে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা করেছে কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে ধাপভিত্তিক ভোটের তারিখ ও ইউনিয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স