ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১১:৫৪:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১১:৫৪:১৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠক এখনো চলছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে অনুমোদনের জন্য ১৪টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে নতুন প্রকল্প চারটি এবং সংশোধিত প্রকল্প ১০টি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচ্যসূচির শুরুতে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প। এগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের সংশোধনী।

স্বাস্থ্যসেবা বিভাগের চারটি গুরুত্বপূর্ণ উদ্যোগও রয়েছে তালিকায়। এর মধ্যে আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চার জেলায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।

এ ছাড়া জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ভবন সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।
 
অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চরফ্যাশনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, পাবনা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। রয়েছে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে উন্নয়নের প্রকল্পও।

বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্পে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। এ ছাড়া বরিশাল-লক্ষ্মীপাশা-দুমকি সড়কে পাণ্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণের সংশোধনী উপস্থাপন করা হবে।

এদিকে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও সাতটি প্রকল্পের বিষয়ে সভায় অবহিত করা হবে। এগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা পুনর্গঠন, উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারের আধুনিকায়ন, মৎস্যসম্পদের উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ