রকেটের সফল উৎক্ষেপণ, মহাকাশে গেলেন পাকিস্তানের প্রথম নভোচারী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। এর মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী প্রবেশ করতে যাচ্ছেন। প্রায় এক সপ্তাহের এই অভিযানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন জিশান আলী।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের গোবি মরুভূমি থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে পাকিস্তানের জিশান আলী ছাড়াও রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাদের গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন।
পাকিস্তানের সঙ্গে গত বছর মহাকাশ সহযোগিতা চুক্তি করে চীন। মহাকাশযানে ওঠার আগে জিশান আলী বলেন, তার কাঁধে শুধু পাকিস্তানের নামই নয়, বরং দেশটির ২৫ কোটি মানুষের প্রত্যাশাও বহন করছেন তিনি। প্রায় এক সপ্তাহ তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানের পর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন জিশান আলী।
বিবিসি বলছে, বুধবার সূর্য ওঠার সময় গোবি মরুভূমি থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটির কমান্ডার হিসেবে আছেন তাং হংবো। আর উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং মুহাম্মদ জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশযানটিতে আছেন। তিনিই মহাকাশে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী।
বিবিসি বলছে, উৎক্ষেপণের পরপরই মহাকাশযানের ভেতরে নভোচারীরা মুখের মাস্ক খুলে ফেলেন। এতে বোঝা যায়, মহাকাশযানের ভেতরের বায়ুচাপ ও বাতাসের মান স্বাভাবিক রয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে যুক্ত হওয়ার কথা।
এদিকে চীনের বেইজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারের ফ্লাইট তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, শেনঝৌ-২৪ নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে এবং মহাকাশযানটি স্বাভাবিকভাবে কাজ করছে। পরে জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে অভিযানটিকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করা হয়।
মহাকাশে অবস্থানকালে শেনঝৌ-২৪-এর নভোচারীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন এবং প্রযুক্তি যাচাই করবেন। তাদের গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে মহাকাশে প্রাণবিজ্ঞান, মহাকাশ চিকিৎসাবিজ্ঞান ও দহনপ্রক্রিয়া।
মহাকাশের পরিবেশ কীভাবে রক্তনালির বয়সজনিত পরিবর্তনকে প্রভাবিত করে, তা-ও পরীক্ষা করে দেখবেন তারা। এর মাধ্যমে এ ধরনের পরিবর্তন প্রতিরোধ ও চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের আশা করছেন গবেষকেরা।
জিশান আলী বিশেষভাবে ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করবেন। পাশাপাশি মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটি বা অতি কম মাধ্যাকর্ষণ শক্তি কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, তা-ও পরীক্ষা করবেন তিনি।
অন্যদিকে তাং হংবো ও উ ই তিয়াংগং মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করবেন। তাদের সঙ্গে সেখানে থাকবেন শেনঝৌ-২৩ অভিযানের নভোচারী ঝু ইয়াংঝু। দীর্ঘ সময় মহাকাশে থাকলে মানবদেহ কীভাবে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়, তা নিয়ে গবেষণা করছেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স