রুফটপ সোলার স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করতে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ০৬:২৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ০৬:২৬:৪৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে দেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ়করণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা হ্রাস এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বর্তমান সরকার সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সরকারি ও বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক, ঢাকার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। সভায় ঢাকা জেলার সরকারি ও বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডাররা অংশগ্রহণ করেন।
সভায় বর্তমান সরকারের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক উদ্যোগ, জাতীয় রুফটপ সোলার কর্মসূচি, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬ এবং নেট মিটারিং গাইডলাইন-২০২৫-এর আলোকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনা, বাস্তবায়ন কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলায় রুফটপ সোলারের সার্বিক অবস্থা তুলে ধরেন। তিনি জানান, ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ২৮ হাজার ভবনের ছাদে ১৬২ মেগাওয়াট পিক গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ স্থাপিত হয়েছে। এর ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে। অফ-গ্রিড স্থাপনা মিলিয়ে মোট ক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক। জুন ২০২৬ এর পর ৫৫৭টি নতুন ভবনে প্রায় ২২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে, যার মধ্যে ৭১টি সরকারি ভবনে প্রায় ৭ মেগাওয়াট পিক।
জেলা প্রশাসক আরও জানান, ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে জেলায় আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ সংযুক্ত করার লক্ষ্য রয়েছে, যার ৫৯৬টিই সরকারি ভবন। এ লক্ষ্য অর্জিত হলে জেলার সৌরবিদ্যুৎ ক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে উন্নীত হবে এবং সরকারি ভবনে সৌরবিদ্যুতের ক্ষমতা প্রায় সাড়ে চার গুণ বাড়বে। তবে সোলার স্থাপিত ভবনের মাত্র ১,৬৮৬টিতে (প্রায় ৬ শতাংশ) নেট মিটারিং সংযোগ থাকায় তিনি এ সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রুফটপ সোলার স্থাপনে ক্যাপেক্স (মূলধনি ব্যয়) ও অপেক্স (পরিচালন ব্যয়) মডেলের গুরুত্ব তুলে ধরা হয়। ক্যাপেক্স মডেলে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে এবং এর মালিকানা সংরক্ষণ করে। অন্যদিকে অপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডার বা বিনিয়োগকারী নিজস্ব অর্থায়নে ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে; ফলে প্রতিষ্ঠানের প্রাথমিক মূলধনি বিনিয়োগ ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। বিশেষত সরকারি প্রতিষ্ঠানে অপেক্স মডেল কার্যকর হলে আর্থিক চাপ ছাড়াই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব।
সভায় নেট মিটারিং পদ্ধতির সুবিধাও ব্যাখ্যা করা হয়। এ ব্যবস্থায় প্রতিষ্ঠান নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারে। দ্বিমুখী মিটারের মাধ্যমে গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ বিদ্যুৎ বিলের সঙ্গে নির্ধারিত নিয়মে সমন্বয় করা হয়। এতে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ যুক্ত হয়।
সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে বিনিয়োগ ও পরিচালন ব্যয়, উৎপাদন সক্ষমতা, ছাদের ব্যবহারযোগ্যতা, যন্ত্রপাতির গুণগত মান এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দক্ষ ও তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডার নির্বাচন, যথাযথ চুক্তি সম্পাদন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের জাতীয় রুফটপ সোলার কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ক্যাপেক্স এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে অপেক্স, উভয় মডেলেই সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রাখা হয়েছে। জাতীয় পর্যায়ে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নেট মিটারিংয়ের আওতায় ২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহকারী যোগ্য গ্রাহকদের প্রতি ইউনিটে ১০.৫০ টাকা হারে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রয়েছে, যা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রযোজ্য।
সভায় রুফটপ সোলার বিষয়ে সরকারের নির্দেশনা সকল সরকারি দপ্তরের প্রতিনিধিগণকে অবহিত করা হয় এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। রুফটপ সোলার স্থাপনের বিষয়ে যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন ঢাকাসহ ঢাকা জেলাধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ২, ৩, ৪ এবং ডেসকো ও ডিপিডিসি কর্তৃপক্ষের সহযোগিতা ও পরামর্শ গ্রহণের জন্যও সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স