ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৫:৩৬:৩১ অপরাহ্ন
প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুসারে প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এসব পদক তুলে দেবেন।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান দিন দিন বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। বর্তমানে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।

তিনি জানান, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে এসব উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানো এবং দারিদ্র্য বিমোচনেও প্রাণিসম্পদ খাত উল্লেখযোগ্য অবদান রাখছে। এসব অর্জন ও সম্ভাবনা কৃষিভিত্তিক অর্থনীতিতে এ খাতের দ্রুত বিকাশ, সম্ভাবনা ও গুরুত্বের বিষয়টি তুলে ধরছে বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদকএইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ