ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে দুর্বৃত্তরা কেটে দিল ১০ বিঘা জমির শিমগাছ

এ যেন কৃষকের বুকে ছুরি চালানো!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:৪৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৩:০১:৩৩ অপরাহ্ন
এ যেন কৃষকের বুকে ছুরি চালানো! ছবি : সংগৃহীত
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকা বিনিয়োগের পাশাপাশি আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন ভেঙে গেছে কৃষকদের।

মঙ্গলবার সকালে কৃষকেরা জমিতে গিয়ে শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। শত্রুতামূলক না অন্য কারণে এমন ঘটনা ঘটল তা কেউ বলতে পারেননি।

স্থানীয়রা জানান, উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ জন কৃষক। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে তারা শিমগাছের পরিচর্যা করে আসছিলেন। ইতিমধ্যেই গাছে ফুল এসেছে, শিমও ধরতে শুরু করেছিল। আর মাত্র দুই সপ্তাহ পর এসব শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।

কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ক্ষেতের শিমগাছের গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকেরা। মুহূর্তেই শেষ হয়ে যায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন।

স্থানীয় আতাউল মোল্লা বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ভুক্তভোগী কৃষক আফছার বলেন, ‘ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলাম। ওই জমির শিম বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয় করার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে এখন আমি সর্বস্বান্ত। এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ‘ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ