গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে বাড়ছে আত্মহত্যার ঘটনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ০২:০২:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ০২:০২:১১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরু থেকে দায়িত্বে থাকা অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর ২৩ জন সৈন্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বাহিনীটির নথিবদ্ধ আত্মহত্যার বার্ষিক ঘটনাগুলোর মধ্যে গত ১৬ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা।
ইসরায়েলি সংবাদমাধ্যম গণমাধ্যম হারেৎজের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে নিয়মিত বা রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা ১৭ জন সেনা সক্রিয় কর্মজীবন ছাড়ার পর চলতি বছর আত্মহত্যা করেছেন। এ ছাড়া, ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।
এই পরিসংখ্যান ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতার দিকটি তুলে ধরেছে। যুদ্ধের আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রতি বছর গড়ে প্রায় ১২টি আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের ৩১ হাজার ৫০০-এর বেশি আইডিএফ সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বা ১৯ হাজার ৬০০ জন মানসিক সমস্যার জন্যও চিকিৎসা নিচ্ছেন। এসব সমস্যার মধ্যে রয়েছে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), উদ্বেগ, বিষণ্ণতা এবং স্বাভাবিক বেসামরিক জীবনে ফিরে আসার জটিলতা।
তাদের মধ্যে ১০ হাজার ১০০ জন কেবল মানসিক আঘাতের সঙ্গে লড়ছেন। আর ৯ হাজার ৪০০ জন শারীরিক আঘাত ও মানসিক সমস্যা—উভয় ক্ষেত্রেই ভুগছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সব যুদ্ধ মিলিয়ে এই বিভাগের অধীনে চিকিৎসাধীন আহত সদস্যের মোট সংখ্যা ৯২ হাজার ৩০০ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৪৭ শতাংশ মানসিক আঘাতের সঙ্গে লড়ছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স