রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ০১:১১:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ০১:১১:৪০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানিসহ মোট আটটি চালান রূপপুরে পৌঁছাল।
সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়। সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা ছিল। আজকের চালানটি ছিল এ ইউনিটের জন্য সপ্তম ও শেষ চালান। অন্যদিকে, প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা আছে। এর মধ্যে একটি চালান এরইমধ্যে দেশে এসেছে।
চলতি নভেম্বর অথবা ডিসেম্বরে আরও একটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করা হবে।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। এরপর গত ২০ নভেম্বর দ্বিতীয় ইউনিটের জন্য সপ্তম চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।
চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এরইমধ্য কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো টানা সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাদের ভাষ্য, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের আগে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষা শেষ করতে কয়েক মাস সময় লাগতে পারে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে এ ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স