প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ১১:৫৮:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ১১:৫৮:৫১ পূর্বাহ্ন
ফাইল ছবি
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রয়টার্সের শেষ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় অর্থ খরচ করে লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়। কিন্তু আকাঙ্ক্ষা আর বাস্তবতা দুটি ভিন্ন বিষয়—এই দুটির মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনও সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না।
তিনি বলেন, কল্পনায় বা দুঃস্বপ্নে কেউ ভাবতেই পারেন যে, তিনি হেঁটে হেঁটে বা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু না, তিনি কোনও সাধারণ যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এটুকুই বাস্তবতা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি আত্মবিশ্বাসী সরকার। কারণ, আমরা দেশের জনগণের বিপুল সমর্থন ও দুই-তৃতীয়াংশের বেশি ভোটে নির্বাচিত সরকার। এটি কোনও এলোমেলো বা অস্থায়ী সরকার নয়। জনগণের মাঝে এই সরকারের অত্যন্ত মজবুত অবস্থান রয়েছে। তাই জনগণকে আস্থায় নিয়েই আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি।
তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে এসব কর্মকাণ্ড ঘটিয়ে মনে করছে মানুষকে আতঙ্কিত করা যাবে। কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে না; উল্টো সন্ত্রাসীরাই এখন আতঙ্কিত। এ জন্যই আমি বলি, ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। এই স্লোগান শুনলেই মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে। গতকালই আমি চারতলা থেকে নামার সময় হঠাৎ ‘জয় বাংলা’ শুনে খোঁজ নিয়ে দেখি, একজন এই স্লোগান দিয়েই দৌড়ে পালাচ্ছে। সাধারণ মানুষ এখন বলাবলি করে যে, মুসলমান হিসেবে আমরা মৃত্যুর আগে কালিমা পড়ার চেষ্টা করি; আর এই কাপুরুষ সন্ত্রাসীরা পালানোর আগে বা শেষ সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েই পালায়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের কাছে এরা এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এদের কোনও জনভিত্তি নেই, মানুষ এদের ঘৃণা করে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এখন গুণগত শাসনব্যবস্থা ও পরিবর্তন চায়; এ ধরনের নোংরামি আর দেখতে চায় না। মানুষের মাঝে এদের কোনও গ্রহণযোগ্যতা নেই। জনগণই এখন এদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
সরকার কি এমন সংযত অবস্থানেই থাকবে, নাকি ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাবে- এমন প্রশ্নে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর থাকবে। আওয়ামী সন্ত্রাসীদের যেকোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা অত্যন্ত কঠোরভাবেই দমন ও মোকাবিলা করবো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স