ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:৪৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৪৮:৪৪ অপরাহ্ন
​টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড ​ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত গ্রেফতার ও পলাতক আসামিদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকেল পৌনে ৫টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার কারণ ব্যাখ্যা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে টিটন নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

এজাহারে বাদী জানান, আগে পরিবারের আর্থিক ক্ষতির কারণ হওয়ায় অনুশোচনা প্রকাশ করতেন টিটন। এ নিয়ে তিনি বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনাও ছিল তার। এ ছাড়া একটি গরুর হাটের ইজারা বা শিডিউল কেনার বিষয়েও বড় ভাইকে জানিয়েছিলেন তিনি।

গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকেই হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ওই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।

এজাহার অনুযায়ী, ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের লোকজন তাকে ডেকেছে। তারা আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলতে চায় বলেও জানানো হয়। এর পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলার পাকা সড়কে তার ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

গুলিতে টিটনের ডান কানের ওপরের অংশ, বাম ভ্রুর ওপরের কপাল, পিঠের বাম পাশের নিচের অংশ ও ডান পাশের ওপরের অংশ, বাম হাতের কনুইয়ের ওপরের সামনের দিক ও নিচের অংশ এবং বাম বগলের নিচে গুরুতর জখম হয়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে তিনি ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। নিউমার্কেট থানা পুলিশের তৈরি করা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময়ও তিনি উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ায় থানায় মামলা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় তার পৈতৃক নিবাস হলেও বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ