ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রের কি ধর্মের প্রয়োজন আছে?

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:৩৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৪০:৫৬ অপরাহ্ন
রাষ্ট্রের কি ধর্মের প্রয়োজন আছে?
বার্ণার্ড স্বপন গমেজ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রখ্যাত গায়ক শ্যামল মিত্রের কণ্ঠে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা "বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান" গানটি মানুষকে দারুণভাবে উজ্জীবিত করেছিল। ধর্মের ভেদাভেদ পেরিয়ে বাঙালির ঐক্যের আহ্বান ছিল এর প্রাণ। গানটির অসাম্প্রদায়িক চেতনার বাণী আমাদের গভীরভাবে স্পর্শ করেছিল। যে ধর্মেরই হও না কেন তুমি, তোমার প্রথম পরিচয় তুমি বাঙলি/বাংলাদেশি। মূলত এটিই ছিল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা। এই চেতনায়ই বাংলার মুসলমান, হিন্দু,  বৌদ্ধ, খ্রিস্টান, নারী-পুরুষ পাহাড়ি বা সমতলের মানুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানি শাসকের বিরুদ্ধে।

তখন থেকেই একটি নতুন রাষ্ট্র-কল্প মাথায় ছিল সবার যে, রাষ্ট্র- ধর্মের ভিত্তিতে নয়, কিন্তু সব ধর্মের মানুষের পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে। রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না, ধর্ম থাকবে মানুষের। যার যেরকম ধর্ম। এমন কি যার ধর্ম নেই, তারও। 

পরবর্তীতে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের স্বপ্ন-দ্রষ্টা শেখ মুজিবর রহমানও গণ মানুষের সেই আকাংখাকে মূল্য দিয়েছিলেন। সংবিধানে রাষ্ট্রের কোন নিজস্ব ধর্ম না রেখে গণমানুষের অসাম্প্রদায়িক চেতনার মূল্য দিয়েছিলেন। 

তারপরের কাহিনি আমরা কমবেশি সবাই জানি। 

ইতিহাসের চাকা ঘুরলো। শাসক পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তন হলো। বাগানের হরেক রকম ফুলের মাঝখান থেকে একটি বিশেষ ফুল কে বেছে নিয়ে রাষ্ট্র তার মাথার মুকুটে গুঁজলো।

রাষ্ট্রের নিজস্ব একটা ধর্ম হলো। 

সংখ্যালঘু সম্প্রদায়গুলো বিস্মিত হয়ে দেখলো দেশটা যেন আর তাদের নেই। রাতারাতি দেশটিতে তাদের মালিকানা নড়বড়ে হয়ে গেছে। হ্যা, লাল-সবুজের পরিচয়ের নিশানা একটা জুটলো বটে, কিন্তু কোথায় যেন একটা খটকা থেকে গেল। 

দেশটা কি সত্যই আমার?  

রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেশটাকে যেন আমরা” আর “ওরা”য় ভাগ করে দিল। একটি ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের, অথবা যাদের কোন প্রথাগত ধর্ম নেই, তাদের বুঝিয়ে দেয়া হলো, তোমরাও নাগরিক, তবে  দ্বিতীয় শ্রেণীর নাগরিক।

গণঅভ্যুত্থান পরবর্তী দেশে সংবিধান সংস্কারের ধুম উঠেছিলো। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংবিধান সংস্কার কমিটি সরকারের কাছে তাদের সংস্কারের সুপারিশ পেশও  করেছেন। সেই সুপারিশেও রাষ্ট্রধর্ম সগৌরবে বহাল আছে। এখন শুনছি, সরকার সংবিধানের আলোচনা আবার শুরু করতে যাচ্ছে। জানি না কেউ রাষ্ট্রধর্ম নিয় প্রশ্ন তুলবে কিনা। তুললেও হয়তো হালে পানি পাবে না। সবাই ধরে নেবেন ৯০ শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতেই হবে। কেউ চিন্তা করবে না বাকি ১০ শতাংশ সংখ্যালঘু, ধর্মগত অথবা জাতিগতভাবে, যারাও এ দেশের মালিকানার দাবীদার, তাদের ভাবনাটা কি? 

ইউনূস সরকারের আমলে নতুন দাবি উঠেছিল সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি একদম চেঁছে ফেলার। এত দিন রাষ্ট্রধর্ম থাকলেও, অন্ততপক্ষে  রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে ধর্মনিরপেক্ষতার একটা রক্ষাকবচ ছিল। তাতে সংখ্যালঘুদের কিছুটা হলেও একটু সান্ত্বনা ছিল। এবার সেই রক্ষাকবচেও হাত পড়েছে। ড. আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিটি তাদের প্রস্তাবে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ শব্দটি রাখার সুপারিশ করেছে। এবার হয়তো সেই সুপারিশও বহাল থাকবে।

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ শব্দ দুটি সমার্থক নয়। বহুত্ববাদকে ধর্মনিরপেক্ষতার স্থলে বসানো যায় না। অনেকের অভিযোগ, ধর্মনিরপেক্ষতা শব্দটি এ দেশের প্রধান ধর্মীয় গোষ্ঠির বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তাদের মতে, ৭২ সালে এই শব্দটি সংবিধানে সংযোজিত হয়েছিল এদেশের ৯০ শতাংশ মানুষের ধর্ম ইসলামকে কোণঠাসা করার জন্য। 

আসলেই কি তাই? 

৯০ শতাংশ মানুষ যখন একটি ধর্ম বিশ্বাসের অনুসারী, তখন কোণঠাসার প্রশ্নই আসে কোথা থেকে? সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখার কারণে তো ইসলাম হারিয়ে যায়নি। বরং গত ৫৪ বছরে আরও শক্তিশালী হয়েছে। একাত্তরে বাংলাদেশে ইসলাম অনুসারীর সংখা আনুমানিক ৮০ শতাংশ  হলে এখন তো ৯০ শতাংশরও অধিক। দেশে মসজিদ-মাদ্রাসার সংখ্যাও বেড়েছে বহুগুণ। বর্তমানে দেশে আড়াই লক্ষ মসজিদ তার প্রমাণ। অন্যদিকে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের সংখা আনুপাতিক হারে কমেছে। হয়তো কমতে কমতে একদিন শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াবে। 

বাংলাদেশে অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে যাদের স্বতন্ত্র ধর্মবিশ্বাস ও দর্শন রয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে, সামাজিক পরিবর্তন ও অন্যান্য ধর্মের প্রভাবে এগুলোর চর্চা ক্রমশই কমে আসছে। একদিন হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি বম (Bawm) উপজাতির কথা জানি। পার্বত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা মাত্র ১২০০০। সবাই খ্রীষ্ট ধর্মাবলম্বী। তাদের উপর অবিচার নির্যাতনের কথা প্রায়ই শোনা যায়। সরকারের কোন পৃষ্ঠপোষকতা নেই। ভয় হয়, হয়তো একদিন এই উপজাতিটি বিলীন হয়ে যাবে। 

উন্নত বিশ্বের অনেক দেশেই ক্ষুদ্র জনগোষ্ঠী বা ধর্মীয় সংখ্যালঘু  সম্প্রদায়গুলো যেন রাষ্ট্রীয় ব্যবস্থায় পূর্ণ অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা নির্দিষ্ট কার্যালয় বা মন্ত্রণালয় থাকে। আমার  দীর্ঘদিন নিউজিল্যান্ডের Ministry For Ethnic Communities এ কাজ করার অভিজ্ঞতা থেকে জানি, এই মন্ত্রণালয়গুলো জাতিগত বা ধর্মীয়ভাবে সংখালঘু সম্প্রদায়গুলোর বিকাশের জন্য কাজ করে। তাদের দেশের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করানোর জন্য অনুপ্রাণিত করে। এই ছোট দেশের রাজধানী ওয়েলিংটনে গত বছর মেয়র নির্বাচনী প্রচারণায় ৮ জন প্রার্থী ছিল সংখালঘু সম্প্রদায়ের। এ বছর নভেম্বরের ৭ তারিখে আমাদের সংসদীয় নির্বাচনে ৩০জনের অধিক সংখালঘু সম্প্রদায়ের ।

আরেকটি উদাহরণ হলো, দক্ষিণ অকল্যান্ডের রামারামা এলাকায় একটি হিন্দু মন্দির নির্মাণে কিছু স্থানীয় বাসিন্দার আপত্তি সত্ত্বেও অকল্যান্ড কাউন্সিল ২০২৫ সালে মন্দির নির্মাণের অনুমোদন দেয়। ধর্মনিরপেক্ষতার মূল্য এখানেই—সব ধর্মের মানুষের উপাসনার সুযোগকে সমান ও নিরপেক্ষ নীতিতে বিচার করা।

গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতার কারণে, শুধু নিউজিল্যান্ড কেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ধর্মীয় সংখ্যালঘুরা বিপুল হারে রাষ্ট্র যন্ত্রে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। 

আধুনিক রাষ্ট্রব্যবস্থায় পক্ষপাতহীন সংবিধানের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্র দেশের সব নাগরিকের। রাষ্ট্রের  দায়িত্ব হলো সব ধর্মমত, বিশ্বাসী, অবিশ্বাসী-গোত্র-গোষ্ঠীর উর্ধে উঠে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সমান নাগরিক সুবিধা প্রদান করা, তাদের আর্থ-সামাজিক , রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের সমান সুযোগ সৃষ্টি করা। বিগত বছরগুলোতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে কিছু সাংস্কৃতিক বিকাশ ঘটলেও, উল্লেখযোগ্য ভাবে কোন কোন রাজনৈতিক বিকাশ বা ক্ষমতায়ন হয় নি। এজন্য রাজনৈতিক নেতৃত্বে তাদের দৃশ্যমানতা একদমই কম।

রাষ্ট্রের কোন ধর্মের প্রয়োজন নাই। রাষ্ট্রের ধর্ম হলো মানবতা। রাষ্ট্রের ধর্ম হলো ন্যায্যতা, যে ন্যায্যতার আলোয় রাষ্ট্র সব ধর্মের অনুসারীদের এক চোখে দেখবে। রাষ্ট্রের ধর্ম হলো সব ধর্ম ও মতের অনুসারীরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহনশীল হয় সেরকম পরিবেশ তৈরি করা। কোন ধর্ম বাড়াবাড়ি আচরণ করলে নিরপেক্ষভাবে তার বিচার করা। 

রাষ্ট্রের নির্দিষ্ট একটি ধর্ম থাকলে তার শাসন ব্যবস্থাও পক্ষপাতদূষ্ট হয়। সরকারের সব ব্যবস্থাপনা, কার্যক্রম এমনকি সামাজিক আচার আচরণ ও গণমাধ্যমেও সংখ্যাগুরু ধর্ম অনুসারীদের বিরুদ্ধে এক ধরণের unconscious bias তৈরি হয়। আমাদের গণমাধ্যমের টক শোগুলোর দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায়। আমি অবাক হয়ে লক্ষ্য করি, টক শোগুলোর আলোচনায় কোন প্রসংগেই সংখ্যালঘুদের কথা তেমন আসে না। টক শোর আলোচনায় সংখ্যালঘুদের অংশগ্রহণ একেবারেই সীমিত। তাদের সমস্ত আলোচনার কেন্দ্রেই বৃহত্তর মুসলিম সমাজের কথা। অনেক অতি উৎসাহী বক্তা তো বলেই বসেন এটি মুসলমানের দেশ। আমি তাদের দোষ দেখি না। তারা ইচ্ছা করেই যে বলেন তা নয়। তাদের মননে মুসলিম ছাড়া সে দেশে আর কেউ নেই। অনেকটা অবচেতনভাবেই সে কথা বলে।

এই পক্ষপাতিত্বের কারণে ধর্মীয় মৌলবাদীতা, সামাজিক বৈষম্য, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার ও সংখ্যালঘু নির্যাতনের মত সামাজিক ব্যাধিগুলো বৃদ্ধির প্রবণতা বাড়ে। 

আমাদের দেশে রাজনৈতিক নেতারা প্রায়ই জনসমক্ষে অসস্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলেন। রাষ্ট্রের মূল ব্যবস্থাপনার দলিলে যদি একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেয়া হয় তাহলে অসম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ কীভাবে গঠন হবে?

শুধু বাংলাদেশ নয়, অনেক দেশের সংবিধানেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রধর্মের উল্লেখ আছে৷ সংখ্যাগুরু জনসংখ্যাকে খুশি রাখতেই তা করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য। ধর্মকে মহান করার জন্য নয়। সম্প্রতি মাইনোরিটি রাইটস গ্রুপ ইন্টারন্যাশনাল’ এর একটি রিপোর্ট নজরে এল। তাতে দেখলাম, যে সমস্ত দেশে রাষ্ট্রধর্ম আছে, সে সব দেশেই সংখালঘুরা হুমকির সন্মুখীন। যেমন, সিরিয়াতে, সম্প্রতি ইসলামভিত্তিক রাজনৈতিক পটপরিবর্তনের পরে সংখ্যালঘু আলাউই (Alawi) ও খ্রীষ্টান সম্প্রদায়ের অস্তিত্ব হুমকির সম্মুখীন। আফগানিস্তানে এক সময় বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল প্রচুর। এখন বৌদ্ধ ধর্মালম্বীদের হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। লিবিয়া, সিরিয়া, ইরাক, ইরানে খ্রীষ্টান সম্প্রদায় প্রায় নিঃশেষের পথে। পাশ্চাত্য দেশ গুলো বহু আগেই রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে। কোন কোন দেশে রাষ্ট্রধর্ম থাকলেও তাদের স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থায় সব জাতি ও ধর্মীয় গোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিত করেছে। 

রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করলে, সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের কাছে রাষ্ট্রের গ্রহণযোগ্যতা বাড়ে, নাগরিকদের রাষ্ট্রীয় কর্মকাণ্ড ও ব্যবস্থাপনায় অংশগ্রহণও নিশ্চিত হয়। বিচারিক ও শাসনব্যবস্থায় সরকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সুবিচার নিশ্চিত করে। বাংলাদেশে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে জেল জরিমানা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। এ সব ঘটনায় সরকারের ধর্মীয় পক্ষপাতিত্ব নজরে পড়ে। বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং ধর্মীয়ভাবে অবমাননাকর কাজ করা শাস্তিযোগ্য অপরাধ, যা দণ্ডবিধির অন্তর্ভুক্ত। কিন্তু, আশ্চর্যের বিষয় এই আইনটির প্রয়োগ মূলতঃ সংখ্যালঘুদের বিরুদ্ধেই ব্যবহৃত হয়।

একটি সহজ প্রশ্ন রেখে শেষ করতে চাই। 

এই দেশটি কার? 

যে মুসলমান কৃষক মাঠে ফসল ফলান, যে হিন্দু কারিগর প্রতিমা গড়েন, যে বৌদ্ধ নারী শ্রমিক পাহাড় কেটে রাস্তা করেন, যে খ্রিষ্টান সেবিকা হাসপাতালে রোগীর পাশে রাত জেগে সেবা করেন কিংবা যে তরুণ কোনো ধর্মে বিশ্বাস করেন না—বাংলাদেশ তাঁদের প্রত্যেকের। তাঁদের শ্রমে দেশ চলে, তাঁদের স্বপ্নে দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে। নিজের দেশে সমান মর্যাদা পাওয়ার জন্য কাউকেই সংখ্যাগরিষ্ঠের তকমা লাগাতে হবে কেন? 

সংবিধান সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হওয়া উচিত, দেশের সবচেয়ে ছোট জনগোষ্ঠীর মানুষটিও যেন এই দলিলে নিজের মুখ দেখতে পান। তাঁর কথা শোনা হবে, সিদ্ধান্তে তাঁর অংশ থাকবে এবং বিপদের দিনে রাষ্ট্র তাঁর পাশে দাঁড়াবে।

বাংলাদেশের কোনো শিশুকে যেন বড় হয়ে প্রশ্ন করতে না হয়, ‘দেশটা কি সত্যিই আমার?’ সে যেন নির্ভয়ে বলতে পারে, ‘এই দেশ আমারও।’ যে স্বাধীনতার জন্য এত মানুষ জীবন দিয়েছেন, তাদের কাছে আমাদের অন্তত এইটুকু ঋণ আছে।

(লেখক নিউজিল্যান্ডের Ministry for Ethnic Communities এর প্রাক্তন কর্মকর্তা। বর্তমানে অকল্যান্ডে বসবাসরত)


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ