ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনে রাষ্ট্রপতির সম্মতি, গেজেট প্রকাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০১:৩৮:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০১:৩৮:১০ অপরাহ্ন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনে রাষ্ট্রপতির সম্মতি, গেজেট প্রকাশ ফাইল ছবি
জাতীয় সংসদে পাস হওয়া ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

নতুন আইনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা’ বলতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানির প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ভবনের ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে স্থাপিত সর্বোচ্চ ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে বোঝানো হয়েছে। এর আওতায় সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, ইভি চার্জিং স্টেশন, চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমি, ভাসমান সৌরবিদ্যুৎ (ফ্লোটিং সোলার) এবং কৃষি সৌরবিদ্যুৎ (অ্যাগ্রো-ভোল্টাইক) অন্তর্ভুক্ত থাকবে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা এর আওতায় পড়বে না।

আইনে বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে ‘ওপেক্স মডেলে’ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন করা যাবে। এই মডেলে সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে এবং উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে। তবে নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে এমন প্রতিষ্ঠান ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় নিজস্ব অর্থায়নে ‘ক্যাপেক্স মডেলেও’ সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবে।

সৌরবিদ্যুৎ স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে। চুক্তিতে ব্যবহৃত যন্ত্রপাতির গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ফেরত নেয়ার জন্য ‘টেক-ব্যাক স্কিম’ এবং ই-বর্জ্যের নিরাপদ সংগ্রহ ও পুনর্ব্যবহারের শর্ত রাখা হয়েছে। এছাড়া কোনো গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের দ্বারা সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন।

সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে ক্রয় প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেয়া হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এবং এক্ষেত্রে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়নি। অন্যদিকে নেট-মিটারিং ব্যবস্থায় গ্রাহক নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করতে পারবেন এবং অতিরিক্ত বিদ্যুতের জন্য সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী মূল্য পাবেন। স্থাপিত সব সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণ করবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।

নীতিগত দিকনির্দেশনা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি ‘জাতীয় পলিসি কাউন্সিল’ গঠনের বিধান রাখা হয়েছে, যেখানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাও সদস্য হিসেবে থাকবেন। পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তবায়ন ও তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে।

আইনে সৌরবিদ্যুৎ ও যন্ত্রাংশের সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি কিংবা চোরাই যন্ত্রাংশ ক্রয়-বিক্রি ও হেফাজতে রাখলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেয়া হবে। এছাড়া যন্ত্রাংশের ক্ষতিসাধন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

পাশাপাশি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধ সংযোগ দিলে কিংবা স্থাপন, পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা সার্ভিস প্রোভাইডারকে বাধা দিলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেয়া হবে। অপরাধে সহায়তা বা ষড়যন্ত্র করলেও মূল অপরাধের সমান দণ্ড পেতে হবে। এসব অপরাধ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য হবে এবং মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত হওয়া সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালতও বিচার করতে পারবেন।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ