ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাধা নেই: ​আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১২:১১:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০১:০৪:১২ অপরাহ্ন
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাধা নেই: ​আপিল বিভাগ ​ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশও স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। সোমবার ওই আবেদনের শুনানি শেষে বেলা সাড়ে ১১টায় আদেশের সময় নির্ধারণ করেন আদালত।

গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ