ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১১:১১:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:১১:১০ পূর্বাহ্ন
কলাপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সোমবার রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাস উৎসব। আগামিকাল মঙ্গলবার ভোর থেকে শুরু হবে রাস ভক্তদের সাগরে পূণ্যস্নান। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার উৎসব, পূজা ও পুণ্যস্নানকে ঘিরে কুয়াকাটায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষ্যে কুয়াকাটায় রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভক্তদের আগমন শুরু হয়েছে। 

সোমবার গভীর রাত অবধি এখানে সমাবেশ ঘটবে রাসভক্ত হাজারো পূণ্যার্থীর। তারা রাতভর ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হবেন। মঙ্গলবার প্রত্যুষে পূণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটার আনুষ্ঠানিকতা শেষ হবে। বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের মদন মোহন সেবাশ্রমে রাসমেলা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিবেন। ইতোমধ্যে মদনমোহন সেবাশ্রমে স্থাপন করা হয়েছে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা। তিথিমতে ভরা পূর্ণিমার জোয়ারে মঙ্গলবার ভোর থেকে পূণ্যস্নানে অংশ নিবেন আগত ভক্তরা। পাপ মোচন ও পূণ্য লাভের আশায় এবছরও হাজার হাজার রাসভক্ত পূণ্যার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজকদের।

কলাপাড়া রাসমেলা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সিকদার কালা বলেন, প্রতিমা স্থাপন ও অধিবাসের মধ্যদিয়ে এ রাস উৎসবের শুভ সুচনা হবে। এছাড়া রাস মেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গনে বসানো হয়েছে শতাধিক অস্থায়ী দোকান। এসব দোকানগুলোতে বাহারী পশরা সাজিয়ে বসেছে দোকানীরা। বসেছে পাঁচদিনের রাসমেলা।

কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ হাওলাদার বলেন,‘কুয়াকাটায় পুণ্যস্নান শেষে কলাপাড়ায় ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব সুষ্ঠূ ও সুন্দরভাবে উদযাপনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মন্ডল বলেন, ‘আমরা আশা করছি শ্রী কৃষ্ণের রাস উৎসব ও পুণ্যস্নান উপলক্ষে কুয়াকাটা লক্ষাধিক পূণ্যার্থীদের আগমন ঘটবে। সোমবার অধিবাসের মধ্য দিয়ে রাসপূজা শুরু হবে। রাতে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আগত পুণ্যার্থীরা মঙ্গলবার সকালে সূর্য ওঠার সাথে সাথে পূর্ণিমা তিথিতে পুণ্যস্নান করবেন।’

প্রকৌশলী নিহার রঞ্জন মন্ডল আরও জানিয়েছেন, এ বছরও পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থ যাত্রীদের পদভারে মুখরিত হবে সমুদ্র সৈকত কুয়াকাটা। ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। আজ সোমবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষে রাতভর চলবে নাম কীর্তন, ভাগবৎ পাঠ ও আরতি। শ্রীকৃষ্ণের লীলা কীর্তনে অংশগ্রহণ করবেন অসংখ্য ভক্তবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয় থেকে সাগরে করবেন পূণ্যস্নান। তার দাবি পাপ মোচনের আশায় নামবে ভক্তদের ঢল। একই দিন সৈকতে অনেকেই আবার ভিন্ন ভিন্ন মানত করা পূজা দিবেন পুরোহিত এনে। নানা ধর্ম-বর্ণের মানুষও মিলিত হবেন রাস পূজা, সাগরে পূণ্যস্নানে।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। দুদিনব্যাপী রাস মেলা উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকরা হোটেল মোটেল ও রিসোর্টে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে প্রত্যাশা তাদের।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে আগত পর্যটক ও পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বক্ষণিক টুরিস্ট পুলিশ নিরাপত্তার জন্য কাজ করবেন।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, সনাতন ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে অসংখ্য লোকের সমাগম হবে। কুয়াকাটায় পূণ্যস্নানে আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও পৌর প্রশাসনের সমন্বয়ে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক থানা পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী,টুরিস্ট পুলিশ এবং গ্রাম পুলিশসহ পাঁচ শতাধিক সদস্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য কাজ করবেন। সর্বাত্মক নিরাপত্তা বিধানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে রাস উদযাপনকে ঘিরে। 

কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন, পৌরসভার প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক। বর্তমানে রাস উৎসব ও পূণ্যস্নানকে ঘিরে সনাতন ধর্মালম্বীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে। তারপরও রাজনৈতিক চলমান পরিস্থিতির কারণে সমাবেশের উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ