ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার: ​বিজিএমইএ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:০৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:২৬:২৩ অপরাহ্ন
শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার: ​বিজিএমইএ ​ছবি: সংগৃহীত
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রপ্তানিমুখী পোশাকশিল্প। গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮ লাখ ডলার। 

একই সময়ে ক্রেতারা ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪ লাখ ডলার। উৎপাদন ব্যাহত হওয়া, অর্ডার স্থানান্তর, পণ্য সরবরাহে বিলম্ব এবং বাড়তি ব্যয়ের চাপে বিপাকে পড়েছেন পোশাক রপ্তানিকারকরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সদস্য কারখানাগুলোর ওপর পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। 

গত চার দিন ধরে পরিচালিত এ জরিপে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির কারণে তৈরি পোশাকশিল্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরা হয়েছে। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

জরিপের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ ছিল। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার, যা এফওবি (ফ্রেইট অন বোর্ড) মূল্য হিসাবে নিরূপণ করা হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক কারখানা। এতে বিদেশি ক্রেতাদের কাছে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

রপ্তানি আদেশ ধরে রাখতে অনেক প্রতিষ্ঠানকে ব্যয়বহুল এয়ার শিপমেন্টের আশ্রয় নিতে হচ্ছে। কোথাও ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে, আবার কোথাও অর্ডার বাতিলের ঝুঁকি তৈরি হয়েছে।

বিজিএমইএ বলছে, সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ক্রেতাদের অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনায়। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত অর্ডার অন্য দেশে স্থানান্তর করেছেন ক্রেতারা। এসব অর্ডারের মূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

বিজিএমইএ’র মতে, জরিপে উঠে আসা তথ্যের চেয়ে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি। ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। তবে জরুরি জরিপে এখন পর্যন্ত মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। ফলে শিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে আরও তথ্য প্রয়োজন। এদিকে জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে। নতুন করে উৎপাদন ব্যাহত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। 

একই সঙ্গে রপ্তানি আদেশ বাস্তবায়ন, পণ্য সরবরাহ এবং কারখানার আর্থিক সক্ষমতার ওপর চাপ বাড়তে পারে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, অর্ডার স্থানান্তরের এ প্রবণতা বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও ক্রেতাদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একবার কোনো ক্রেতা বিকল্প উৎপাদনকারী দেশে অর্ডার সরিয়ে নিলে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে।

বিজিএমইএ’র মতে, আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার ওপর বড় আঘাত এসেছে। ক্রেতাদের অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনা এরই প্রতিফলন।

এ পরিস্থিতিতে শিল্পের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনটির মতে, দ্রুত সংকট নিরসন, কারখানার উৎপাদন সচল রাখা এবং বিদেশি ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করা এখন অত্যন্ত জরুরি। কেননা, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এবং লাখ লাখ শ্রমিকের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে শুধু কারখানার উৎপাদন ও রপ্তানি নয়, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ