ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি স্পিকার

​সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:৫৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:০০:১১ অপরাহ্ন
​সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।’ 

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। তারা স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠার শুরু থেকে ২০১৪ সাল থেকে ২০১৮ ও ২০২৪ পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। মাত্র দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। আবারও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না। সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে। কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিতাও দুর্বল হয়ে পড়েছিল।

দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও তৈরি পোশাকশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের পাশাপাশি পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ