আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১১-২০২৬ ০৫:১৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১১-২০২৬ ০৫:১৫:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা আকস্মিক পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে ফেনী থেকে আখাউড়া উপজেলার হীরাপুরের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। পরে গাড়িতে করে আখাউড়া স্থলবন্দরসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) উপস্থিত হয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। এ সময় সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারেন, সে লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে তিনি এ সফর করছেন।
এ সময় সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, সীমান্ত দিয়ে সন্দেহজনক যাতায়াত কিংবা কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।
মতবিনিময় শেষে বিকেল সাড়ে ৪টায় হীরাপুরের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন বিজিবি মহাপরিচালক।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স