ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশাহারা সবজি চাষিরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:৩১:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:৩১:১৩ অপরাহ্ন
​গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশাহারা সবজি চাষিরা ​ছবি: সংগৃহীত
শীতের শুরুতে যখন বিভিন্ন সবজির সৌন্দর্য শোভা পায় কৃষক-কৃষাণীদের ঘরে, সেখানে ভৈরবে অজানা রোগে আক্রান্ত হয়ে গোড়া পচন ও পাতা ঢলে পড়ছে বিভিন্ন সবজি ফসলি জমিতে।

এমনি ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে। ওই গ্রামের প্রায় ২০-২৫ জন কৃষক-কৃষাণীর জমির বিভিন্ন সবজি গাছের গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে আক্রান্ত হচ্ছে। এতে করে লোকসানে পড়েছেন ওই গ্রামের কৃষক-কৃষাণীরা।

এদিকে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও শেষ রক্ষা হচ্ছে না ফসলের। বারবার চারা রোপণ করেও সুফল না পাওয়ায় চরম হতাশা ও আর্থিক সংকটে পড়েছেন চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, কামারকান্দা গ্রামের কৃষকরা টমেটো, মুলা, আলু, মরিচ, লম্বা বেগুন ও ঢেঁড়সসহ নানা শীতকালীন সবজির চারা রোপণ করেছিলেন। কিন্তু রোপণের ১৫ থেকে ২০ দিনের মধ্যেই চারাগুলোর গোড়ায় পচন ধরছে অথবা পাতা ঢলে পড়ে গাছগুলো মারা যাচ্ছে। একই জমিতে একাধিকবার চারা লাগিয়েও টিকিয়ে রাখা যাচ্ছে না। রোগটি ঠিক কী কারণে হচ্ছে, তা নিশ্চিত করতে পারছেন না ভুক্তভোগী কৃষক কিংবা স্থানীয় কৃষি কর্মীরাও।

কামারকান্দা গ্রামের কৃষক জাকির হোসেন জানান, উপসহকারী কৃষি অফিসার টিপু সুলতানের পরামর্শে কোকো পিটের চারা এনে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ শুরু করেন তিনি।

রোপণের ২০-২৫ দিন পর ফুল আসার ঠিক আগমুহূর্তে গাছগুলো মরতে শুরু করে। এভাবে তুলে ফেলে দিয়ে তিনি পাঁচবার চারা লাগিয়েছেন, কিন্তু কোনোবারই শেষ রক্ষা হয়নি। জমি তৈরিতে টিএসপি, পটাশ ও চুন দেওয়ার পাশাপাশি শেষ দফায় বিভিন্ন কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করেও ফল পাননি। মরিচ, কপি ও মুলার ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্গা জমিতে ঋণ ও কিস্তির টাকায় চাষ করা কৃষাণী হেলেনা বেগম বলেন, প্রথমে মরিচ লাগিয়েছিলাম, তা নষ্ট হয়ে গেছে। পরে আলু লাগালাম, সেটাও শেষ। মানুষের কাছ থেকে জমি বর্গা নিয়ে কিস্তির টাকায় আবাদ করেছিলাম। এখন কিস্তি দেব কীভাবে আর সংসারের খাবারই বা জোগাব কীভাবে?

একই গ্রামের কৃষাণী জরিনা বেগম এক বিঘা জমিতে দুই-তিনবার মরিচ ও তিনবার টমেটোর চারা লাগিয়েও ব্যর্থ হয়েছেন। দূর থেকে চারা আনার পরিবহন খরচ মিলে বড় লোকসানে পড়েছেন তিনি।

কৃষক মোখশেদ মিয়া জানান, নিজের বীজতলায় আট হাজার মরিচের চারা তৈরি করলেও রোপণের পর গোড়া পচনে তা নষ্ট হয়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ টাকা পিস দরে ৭ হাজার টমেটোর চারা কিনতে তার ২২ হাজার টাকা খরচ হয়। কিন্তু সেগুলোও মারা গেছে। কৃষি অফিসের দেওয়া ওষুধ প্রয়োগেও কোনো কাজ হয়নি বলে জানান তিনি।

এ ছাড়া কৃষক সহিদ মিয়া নিজের উৎপাদিত টমেটোর চারা রোপণের ১৫ দিনের মাথায় পাতা ঢলে পড়ে মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তরুণ উদ্যোক্তা কাউছার মিয়া আধা বিঘা জমিতে বেগুন ও ঢেঁড়স এবং দুই দফায় মরিচ চাষ করে ২০ থেকে ২৫ হাজার টাকার লোকসানে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, শীতকালীন সবজি চাষে এলাকার অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘুরে দাঁড়াতে হলে তাদের পাশে সরকারের দাঁড়ানো জরুরি।

এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার টিপু সুলতান বলেন, বীজতলা থেকে মূল জমিতে চারা রোপণের কিছুদিন পরই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক ও ছত্রাকনাশক ছিটানোর পরও কাঙ্ক্ষিত ফল মিলছে না। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতকালীন আগাম সবজি চাষ শুরু হয়েছে। মাঠপর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উঠান বৈঠক ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের রোগবালাই ও পোকামাকড়ের বিষয়ে পরামর্শ দিচ্ছেন। শীতকালে টমেটো, আলু, বেগুন, মুলা, শিম ও মরিচ বেশি আবাদ হয়।

এ সময় পাতা মরা, পাতা কোঁচকানো বা গাছ ঢলে পড়ার মতো সমস্যা মাঝেমধ্যে দেখা দেয়। এমন পরিস্থিতিতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ