‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-১১-২০২৬ ০২:৩৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১১-২০২৬ ০২:৩৫:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে এবং শেখ হাসিনা ফিরে তাকে মন্ত্রী বানাবে, মাশরাফি এই আশায় বুক বেঁধে আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন মন্তব্য করেন। পোস্টে রাশেদ খাঁন লেখেন, নড়াইলের পলাতক আ’লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা।
সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে এবং এজন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যায় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদত দিচ্ছে।
তিনি লেখেন, তার চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি নাকি বিএনপির দুজন নেতাকে হত্যার নির্দেশনা দেয় নি! তো এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দেইনি! কেনো বলছে না? মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিল।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, মাশরাফি বিন মর্তুজা মনে করতেছে ভবিষ্যতে আ’লীগ ফিরবে, সেই ভরসায় ২ বছর গ্যাপ দিয়ে এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফির কোনো মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো উল্লেখ করে তিনি লেখেন, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আ’লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে...!
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স