ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, আজও বন্ধ ২১ কারখানা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১১-২০২৬ ১২:৪৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৬ ১২:৪৩:৪৫ অপরাহ্ন
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, আজও বন্ধ ২১ কারখানা ফাইল ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষে অস্থির হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। গতকাল শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার পর আজ রোববার (২২ নভেম্বর) পুরো শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের প্রভাবে গতকাল আশুলিয়ার ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ রোববারও শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে ২১টি পোশাক কারখানা। পাশাপাশি আরও কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

তবে শ্রমিক অসন্তোষের প্রভাব পুরো শিল্পাঞ্চলে সমানভাবে পড়েনি। ঢাকা ইপিজেডের নতুন ও পুরাতন জোনসহ বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও কাঠগড়া এলাকার যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলছে।

অন্যদিকে, গতকাল কাঠগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ওই ঘটনার পর নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবিকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে আগামীকাল মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে শিল্প পুলিশ। এ সভায় মজুরি সংক্রান্ত বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ